২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর জন্মদিনে স্কুলে কলেজে বৃক্ষরোপণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনকে ‘স্মরণীয় করে রাখাতে’ আগামী ১৭ মার্চ তার জন্মদিনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে অথবা সুবিধাজনক স্থানে ১০০টি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2020, 03:06 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মঙ্গলবার একটি পরিপত্র জারি করে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশ দেয়।

পরিপত্রে বলা হয়, ১৭ মার্চ শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে অথবা নিকটবর্তী সুবিধাজনক স্থানে ১০০টি করে ফলদ, বনজ, ভেষজ ও ফুল গাছ রোপণ করবে।

তার আগে স্কুলের প্রাত্যহিক সমাবেশে ‘বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ও তাৎপর্য’ তুলে ধরে শিক্ষকদের তথ্য সমৃদ্ধ বক্তব্য দিতে নির্দেশনা দেওয়া হয়েছে পরিপত্রে।

‘মুজিব বর্ষে অনড় পণ- পরিবেশের সংরক্ষণ’ নামের একটি প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে অধিদপ্তর থেকে ইতোমধ্যে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের অবহিত ও সচেতন করতে বলা হয়েছে।

এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে উপযুক্ত কর্মসূচির ভিত্তিতে একটি করে ডকুমেন্টারি তৈরি করে তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসেইটে প্রকাশের নির্দেশনা দিয়েছে মাউশি।