করোনাভাইরাস: শাহজালালসহ পাঁচ বন্দরে থার্মাল স্ক্যানার
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিনটি বিমানবন্দর ও দুটি স্থলবন্দরে পাঁচটি নতুন থার্মাল স্ক্যানার পাঠানো হয়েছে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দরে দুটি, সিলেট বিমানবন্দরে একটি এবং বেনাপোল স্থলবন্দরে একটি নতুন থার্মাল স্ক্যানার পাঠানো হয়েছে।
আরও কয়েকটি থার্মাল স্ক্যানার স্বাস্থ্য অধিদপ্তরে আসছে বলে জানালেও সেগুলো কবে নাগাদ আসবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
কারও দেহে নতুন এই করোনাভাইরাস সংক্রমণ ঘটলে দুই থেকে ১৪ দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়। শ্বাসতন্ত্রের এই রোগের উপসর্গগুলোর মধ্যে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট রয়েছে।
এরইমধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে এমন দেশ থেকে আসা যাত্রীদের কারও শরীরের তাপমাত্রা বেড়েছে কি না, তা দেখতে ঢাকা বিমানবন্দরে আগেই থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হয়। যাদের শরীরের তাপমাত্রা বেশি ধরা পড়ছে তাদের বিশেষ ব্যবস্থায় নেওয়া হচ্ছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো একটি থার্মাল স্ক্যানার অচল হয়ে পড়ার কথা মঙ্গলবারই জানিয়েছিলেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মো. শাহারিয়ার সাজ্জাদ।
যাত্রীদের অতিরিক্ত চাপেই স্ক্যানারটির এই দশা বলে দাবি করে তিনি বলেছিলেন, “বিদেশ থেকে এত চাপ আসে… একসঙ্গে চার-পাঁচশ লোক হ্যান্ডল করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। স্বাস্থ্য ডেস্ক হল দুটি, ছয়জন লোক আছে। তাদের দ্বারা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। যাত্রীরাও অনেক সময় অধৈর্য্য হয়ে যায়। তারা চাপ সৃষ্টি করে। যার কারণে থার্মাল স্ক্যানারটা ভালো ছিল, সেটাও নষ্ট হয়ে পড়ে।”
আরো থার্মাল স্ক্যানার প্রয়োজন
শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ইশরাত শাহরিয়ার বলেন, “মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দুটি থার্মাল স্ক্যানার দিয়ে যাত্রীদের স্ক্যানিং করা হচ্ছে। এই সংখ্যাটা যদি আরও বাড়ানো সম্ভব হয় তাহলে যাত্রীদেরকে দ্রুত সেবা দেওয়া সম্ভব হবে।”
বিমানবন্দরের পরিচালক এএইচ এম তৌহিদ উল আহসান জানান, প্রতিদিন এই বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে প্রায় ২০ হাজার যাত্রী চলাচল করেন।
বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা জানান, যখন এক সাথে চার-পাঁচটা ফ্লাইট আসে তখন বিমানবন্দরে যাত্রীদের অতিরিক্ত চাপ থাকে। এই চাপ মূলত সকাল ১০টা থেকে ১২টার মধ্যেই বেশি থাকে। তাছাড়া রাতে যখন যাত্রীদের ঢাকা ছাড়ার ফ্লাইট থাকে তখনও কিছুটা চাপ থাকে।
সম্প্রতি সৌদি আরব থেকে বাংলাদেশে আসা আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানবন্দরে প্রতিটি যাত্রীকে থার্মাল স্ক্যান করা হয়। এছাড়া কাউকে সন্দেহজনক মনে হলে তার শরীরের তাপমাত্রা বিশেষ গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হয়।
কলকাতা থেকে আসা আরেক যাত্রী রবিউল আলম বলেন, বিমানবন্দরে সাধারণ যাত্রীদের জন্য একটি থার্মাল স্ক্যানার ব্যবহার করা হয়। অনেক সময় একই সময়ে একাধিক ফ্লাইট থাকলে যাত্রীদের বাড়তি কিছু সময় স্ক্যানিংয়ের জন্য অপেক্ষা করতে হয়। একাধিক স্ক্যানার থাকলে যাত্রীদের এই অপেক্ষাটা করতে হবে না।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়, যা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ১১১টি দেশ ও অঞ্চলে। এই ভাইরাসে মৃতের সংখ্যা ৪০১৮ জনে দাঁড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ছাড়িয়ে গেছে।
গত রোববার বাংলাদেশে প্রথম তিনজনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানায় আইইডিসিআর। এই তিনজনের মধ্যে দুজনই সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন, ইউরোপের যে দেশটি এখন এই ভাইরাস সংক্রমণ সামাল দিতে হিমশিম খাচ্ছে।
ইতালি, চীন, ইরান ও দক্ষিণ কোরিয়াসহ ছয়টি দেশ থেকে আসা ব্যক্তিদের ওপর বিশেষ নজর দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তারা।
ওই তিনজনের পর আর কারও শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা না পড়লেও মঙ্গলবারই সৌদি আরব থেকে দেশে ফেরা এক দম্পতিকে শাহজালাল বিমানবন্দর থেকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ভোরের একটি ফ্লাইটে ওই বাংলাদেশি দম্পতি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। তাদের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে।
বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহারিয়ার সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের শ্বাসকষ্ট ছিল। সেখানে চিকিৎসা করানোর পরও ভালো হচ্ছিল না। এ অবস্থায় তারা দেশে চলে আসেন। তাদের শারীরিক অবস্থা তেমন খারাপ নয়, তবে তাদের শরীরে নভেল করোনাভাইরাস আছে কি না নিশ্চিত হওয়া দরকার।”
