সচিব হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে কামাল
বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক, অতিরিক্ত সচিব মো. কামাল হোসেনকে পদোন্নতি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সচিব (সমন্বয় ও সংষ্কার) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
কামালকে সচিব করে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংষ্কার) শেখ মুজিবুর রহমান গত ৬ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।
আলাদা আদেশে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা মালেককে জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক অভিজিৎ চৌধুরীকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিটের মহাপরিচালক করা হয়েছে।
এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গুলনার নাজমুন নাহার এবং পেট্রোবাংলার পরিচালক মো. মোস্তফা কামালকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
