২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাত্রী দেখানোর নামে প্রতারণা: ভুয়া সাংবাদিকসহ ৬ জনের সাজা

বিয়ের পাত্রী দেখানোর নামে প্রতারণার এক মামলায় ভুয়া সাংবাদিকসহ ৬ জনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2020, 09:25 PM

Updated : 18 Aug 2022, 02:39 PM

ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার হাকিম দেবদাস চন্দ্র অধিকারী বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দিতে পারলে তাদের আরো এক মাস করে কারাভোগ করতে হবে।

দণ্ডিতরা হলেন- এম এ মতিন সরোয়ার (৪২), মোস্তফা ওরফে ঝন্টু (৩৪), আজমান ওরফে রানা (২৮), সাগর মিয়া ওরফে আবু তাহের (৩৬), আসাদুজ্জামান ওরফে এরশাদ (৩২) ও কাশেম (২৩)।

এই ছয় আসামির সবাই জামিন নিয়ে পলাতক রয়েছেন। রায়ের পর বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মতিন সরোয়ার নিজেকে দৈনিক স্বাধীন সংবাদের যুগ্ম সম্পাদক বলে পরিচয় দিতেন। মামলার বিচারকালে দণ্ডিত ওই পত্রিকার পরিচয়পত্রও আদালতে জমা দিয়েছিলেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান।

বিয়ে নিয়ে প্রতারণার অভিযোগে এস্কান্দার আলী মিয়া (৬৭) নামের এক মুক্তিযোদ্ধা ২০১৫ সালের ১ এপ্রিল উত্তরা পশ্চিম থানায় নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এস্কান্দারের গ্রামের বাড়ি গোপালগঞ্জে।

রায় থেকে জানা যায়, এস্কান্দার আলীর স্ত্রী ২০১৩ সালে মারা যান। বৃদ্ধ বয়সে সংসারের স্বার্থে তিনি নতুন করে বিয়ে করার জন্য পাত্রী খুঁজছিলেন। সেজন্য একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেখে তিনি ফোন করলে আসামিদের সঙ্গে যোগাযোগ হয়। তাদের কথায় তিনি পাত্রী দেখতে ঢাকার ইস্টার্ন প্লাজায় গেলে আসামিরা একজন বিধবা নারীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

এরপর ২৮ মার্চ আসামিরা উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি বাড়িতে যেতে বলে এস্কান্দার আলীকে। তিনি সেখানে গেলে আসামিরা তাকে মারধর করে এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তার কাছে থাকা নয় হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরে এস্কান্দার আলী নয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। তদন্ত করে উত্তরা পশ্চিম থানার এসআই মুহাম্মদ ফিরোজ আলম ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

ওই বছরের ১৩ জুলাই আদালত ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলার বিচার শুরুর আদেশ দেয়। বিচারক রাষ্ট্রপক্ষে ১১ জনের সাক্ষ্য শুনে রোববার আসামিদের দোষী সাব্যস্ত করে রায় দিলেন।