২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষাসৈনিক ও শহীদদের তালিকা করতে ছয় মাস

ছয় মাসের মধ্যে ভাষা শহীদ ও সৈনিকদের তালিকা করে তা আদালতে উপস্থাপন করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2020, 08:34 PM

Updated : 18 Aug 2022, 02:39 PM

এজন্য সাংস্কৃতিক সচিবকে আহ্বায়ক করে আগামী এক মাসের মধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে রোববার এ আদেশ দিয়েছে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার সাংবাদিকদের বলেন, “এক মাসের মধ্যে কমিটি করতে হবে। পরবর্তী মাসের মধ্যে অগ্রগতি জানাতে হবে।

“আর আজকে থেকে ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা করে আদালতে উপস্থাপন করতে হবে। এরপর আদালত ওই তালিকা যাচাই-বাছাই করে গেজেট প্রকাশের নির্দেশনা দেবেন।”

কমিটিতে ভাষা আন্দোলন নিয়ে গবেষণা করেছেন, ভাষা আন্দোলনের সাথে জাড়িত ছিলেন, এমন ব্যক্তিকে রাখার কথা বলেছে আদালত। পাশাপাশি পরবর্তী এক মাসের মধ্যে এই কমিটির রূপরেখা আদালতে দাখিল করতে বলা হয়েছে।

এছাড়া ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় সম্মান-সম্মানী কেন দেওয়া হবে না এবং মৃত্যুর পর তাদের রাষ্ট্রীয় মর্যাদায় কেন সমাহিত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

মন্ত্রী পরিষদ সচিব, সংস্কৃতি সচিব ও তথ্য সচিব, অর্থ সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ভাষা শহীদ ও সৈনিকদের রাষ্ট্রীয় সম্মান-সম্মানী ভাতা ও ভাষা আন্দোলনের স্মৃতি সংরক্ষণের নির্দেশনা চেয়ে গত ২৮ ফেব্রুয়ারি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।

রিটে ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা গেজেট আকারে প্রকাশের নির্দেশনাও চাওয়া হয়েছিল।

শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় ও ভাষা সৈনিকদের তালিকা করতে ২০১০ সালের ২৫ অগাস্ট ৮ দফা নির্দেশনা দিয়ে হাই কোর্ট একটি রায় দিয়েছিল।

সেই রায়ের কিছু নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় ২০১২ সালে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।

সেই আবেদনের শুনানির পর আদালত ওই বছরের ৩১ জানুয়ারি ভাষা শহীদদের তালিকা চূড়ান্ত করে গেজেট প্রকাশের নির্দেশনা দিয়েছিল।

২০১৭ সালে ১৯ ফেব্রুয়ারি ছয় মাসের মধ্যে ভাষা সৈনিকদের তালিকা চূড়ান্ত করতে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।

এ সংক্রান্ত এক সম্পূরক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছিল।

মানবাধিকার ও পরিবেশবাদি সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আবেদনটি করেছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।