কসবার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে রেলের আর্থিক সহায়তা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ স্টেশনে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে রেলওয়ে।
রোববার রেলভবনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
গত বছরের ১২ নভেম্বর রাতে আন্তঃনগর তূর্ণা-নিশিথা এবং উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ১৭ জন নিহত হন। পাশাপাশি আহত হন ৫৩ জন।
নিহতের মধ্যে চারজনের উত্তরাধিকার নিয়ে জটিলতা রয়েছে। বাকী ১৩ জনের মধ্যে হবিগঞ্জের আটজন, চাঁদপুরের চারজন এবং নোয়াখালীর একজনের স্বজনের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেয়া হয়।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, মৃত্যুজনিত ক্ষতি পূরণ হওয়ার নয়। তারপরও রেলওয়ে নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে।
“যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সবকিছু আমরা করেছি। এজন্য চিকিৎসা বাবদ রেলওয়ে প্রায় ১৭ লাখ টাকা দিয়েছে।”
অনুষ্ঠানে রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
