২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালকের আসনে পরিচিতজন, ইস্কাটনে প্রাণ গেল নারীর

ঢাকার ইস্কাটনে কাভার্ডভ্যান চাপায় এক নারী নিহত এবং চারজন আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2020, 11:05 PM

Updated : 08 Apr 2022, 12:26 AM

শনিবার রাত ৮টার দিকে সোনারগাঁও হোটেলের পেছনে বিয়ামের গলির মুখে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, কাভার্ডভ্যানের চাপায় মাকসুদা (৩০) নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হন। আর আহত আরিফুল ইসলাম (১৫), মো. রাসূল (১৪), হামিদ (১৫) ও টিয়া বেগমকে (৩৫) এই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের কয়েকজন জানান, বিয়ামের গলির মুখে বালুর মাঠে রাস্তার পাশে দাঁড়িয়ে কয়েকজন ফুসকা খাচ্ছিলেন। এ সময় একটি ছোট কাভার্ডভ্যান তাদের চাপা দেয়।

আহত আরিফুল জানান, কাভার্ডভ্যানটি পাশেই দাঁড়ানো ছিল। হঠাৎ করে সেটি তাদের দিকে ছুটে এলে তারা হতচকিত হয়ে পড়েন।

“চালকের পরিচিত এক দারোয়ান ভ্যানটি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চাপা দেয়,” বলেন তিনি।

ঘটনার পরপরই গাড়িটি জব্দ এবং দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম আজম জানান।