২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের বনানীতে মটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ঢাকার বনানীতে সেতু ভবনের কাছে ফের মটরসাইকেলে বাসের ধাক্কায় একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2020, 11:20 PM

Updated : 08 Apr 2022, 12:26 AM

নিহত ফয়সাল আহমেদ (২৮) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এমবিএ কোর্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলায়।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল আরোহী ফয়সালকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন বলে বনানী থানার এসআই শাহরিয়ার জালাল জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এনা পরিবহনের একটি বাস বনানী থেকে মহাখালীর দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তখন ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ফয়সাল মারা যান।

বাসটি আটক হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বর্তমানে মিরপুর পীরেরবাগের বাসিন্দা ফয়সাল বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে অনার্স পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হন।

গত সপ্তাহেই বনানীর সেতু ভবনের কাছের এই এলাকার সড়কে রাতে মটরসাইকেলে গাড়ির ধাক্কায় দুই তরুণীর মৃত্যু হয়েছিল।   

পুরনো খবর:

মহাখালীর সেতু ভবনের সামনে দুর্ঘটনায় দুই নারী নিহত