বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল
মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণের বিরোধিতা করে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পরপরই কয়েক হাজার লোক এই বিক্ষোভ মিছিল করেন।
এ সময় বায়তুল মোকাররমের উত্তর গেইট সংলগ্ন সড়নের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাতে পল্টন মোড় দিয়েও যান চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর হেফাজতে ইসলামের নেতা নূর হোসেন কাসেমী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপন করবে বাংলাদেশ; বছরব্যাপী এই অনুষ্ঠানমালা শুরু হবে বঙ্গবন্ধুর জন্মদিন আগামী ১৭ মার্চ।
সেদিনের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মোদী অংশ নেওয়ার পরদিন তিনি শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে ইতোমধ্যে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
