সিলেটের ইকোপার্কে প্রাণীর মৃত্যু, প্রতিবেদন চেয়েছে হাই কোর্ট
সিলেটের টিলাগড়ে বন বিভাগের ‘বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের (ইকোপার্ক) ৩৩ পশুপাখির মৃত্যুতে পার্কের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান তানহা এন্টারপ্রাইজের দায়সারা পরিচর্যা, রক্ষণাবেক্ষণ দায়ী কিনা, তার অনুসন্ধান প্রতিবেদন চেয়েছে হাই কোর্ট।
মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবকে ৩০ দিনের মধ্যে এ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সেই সঙ্গে ‘বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র’র অনিয়ম, বিশৃঙ্খলাও খতিয়ে দেখতে বলা হয়েছে।
এছাড়া সংরক্ষণ কেন্দ্রটির নিরাপদ ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পশুপাখিদের জীবন রক্ষায় সেখানে পশু হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, নার্স দিয়ে দ্রুত একটি ইউনিট স্থাপনেরও নির্দেশ দিয়েছে আদালত।
এ নির্দেশটি দেওয়া হয়েছে পশু সম্পদ অধিদপ্তরের মহাপরিচালককে।
এ সংক্রান্ত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বৃহস্পতিবার রুলসহ এ নির্দেশনা দিয়েছে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ।
বুধবার বিশ্ব বণ্যপ্রাণী দিবসে দৈনিক ডেইলি স্টারের বাংলা অনলাইনে প্রকাশিত ‘সিলেট বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র যেন কনডেম সেল’ শিরোনামে একটি প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক।
আদালতে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।
সিলেটের টিলাগড়ে বন বিভাগের ‘বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের ৩৩ পশুপাখির জীবন রক্ষায় বিবাদিদের ব্যর্থতা কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে বলে জানান এই আইনজীবী।
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, প্রধান বন সংরক্ষক, পশু সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, উপ বন সংরক্ষক ও তানহা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, সিলেটের টিলাগড় ইকো পার্ক প্রাণীদের জন্য এক ভয়ঙ্কর মরণফাঁদে পরিণত হয়েছে। বন বিভাগের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে অন্তত ৩৩টি প্রাণী ও পাখি মারা গেছে।
টিলাগড় বিটের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা চয়নব্রত চৌধুরীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মারা প্রাণীগুলোর মধ্যে চারটি হরিণ, চারটি চুকার প্যাট্রিজ, চারটি ময়ূর এবং একটি জলা মোরগ রয়েছে। এছাড়া ২০টি লাভ বার্ড মারা গেছে কিংবা খাঁচা থেকে পালিয়েছে।
তবে মারা যাওয়া প্রাণীর সংখ্যা ৫০টির বেশি হবে এবং কমপক্ষে আরও ১০টি প্রাণীর কোনো খোঁজ নেই বলে জানিয়েছেন প্রাণীদের তদারককারী এক কর্মচারী।
