রমনার বাসায় উপসচিবের মৃতদেহ
রাজধানীর বেইলি রোডের অফিসার্স কোয়ার্টার থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন উপসচিবের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মো. আব্দুল কাদের চৌধুরী নামের ৫৮ বছর বয়সী ওই সরকারি কর্মকর্তা বেইলি স্কয়ারের এক নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্লাটে থাকতেন।
ওই বাসার দরজা ভেঙে বুধবার গভীর রাতে আব্দুল কাদেরের লাশ পাওয়া যায় বলে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এস এম শামীম জানান।
“বিছানার ওপর থাকলেও আব্দুল কাদেরের পরনে শার্ট-প্যান্ট ও জুতা ছিল। বিছানার ওপর বিভিন্ন ধরনের বেশ কিছু ওষুধ পড়ে ছিল। হয়ত তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। লাশে পচন ধরায় কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি আমরা।”
গত সপ্তাহের বুধবার শেষবার অফিস করেন আব্দুল কাদের। ওই বাসায় তিনি একাই থাকতেন।
একজন পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আব্দুল কাদেরের ব্যাচমেটদের অনেকেই পদোন্নতি পেয়ে সচিব হয়ে গেছেন। পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে তার যোগাযোগ নেই বলে আমরা জানতে পেরেছি।”
