২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটা কোনো চুক্তি হয়নি: মিয়ানমার প্রসঙ্গে সাবেক সচিব তৌহিদ

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের উপস্থিতিতে এক সভায় রোহিঙ্গা সংকট সমাধানে সরকারি উদ্যোগের কড়া সমালোচনা করেছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2020, 09:33 PM

Updated : 10 Oct 2022, 07:01 PM

২০০৬ সালের ডিসেম্বর থেকে ২০০৯ সালের জুলাই পর্যন্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করা এই কূটনীতিক ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে বাংলাদেশিদের প্রাণহানিরও কঠোর সমালোচনা করেছেন।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে মিয়ানমারের সঙ্গে চুক্তির সমালোচনা করে তৌহিদ হোসেন বলেন, “রোহিঙ্গা সমস্যা আমাদের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ। যে চুক্তিটা আমরা সই করেছিলাম, এটা কোনো চুক্তি হয়নি। এখন পক্ষে-বিপক্ষে যুক্তি থাকতে পারে।

”আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে, যে চুক্তিটা আমরা সই করেছিলাম, সেটা একটা অনুচিত চুক্তি আমরা সই করেছিলাম।”

তবে অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, মিয়ানমারের সঙ্গে কাজ করা কঠিন হলেও এখনও রোহিঙ্গা সমস্যা সমাধানে আশাবাদী সরকার।

”আমার চ্যালেঞ্জ হচ্ছে, রোহিঙ্গা ইস্যু। আমরা কৌশলগত অবস্থান নিয়েছি। এখনও পর্যন্ত আমরা আশাবাদী। তবে যাদের সাথে ডিল করতেছি, তারা খুব সহজ জিনিস নয়,” বলেন তিনি।

২০১৭ সালের ২৫ অগাস্ট থেকে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর দমন অভিযানের মুখে ঘর-বাড়ি ছেড়ে বাংলাদেশে আসতে থাকে রোহিঙ্গারা; এই সংখ্যা কিছু দিনের মধ্যে সাত লাখ ছাড়ায়। আগে থেকে বাংলাদেশে অবস্থান করছিল আরও চার লাখ রোহিঙ্গা।

তাদের কক্সবাজারের কয়েকটি কেন্দ্রে আশ্রয় দিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা নিয়ে জরুরি মানবিক সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ সরকার।

আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও সেই প্রত্যাবাসন আজও শুরু হয়নি।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন ব্যর্থতার জন্য মিয়ানমারকে দায়ী করে আসছে বাংলাদেশ; অন্যদিকে মিয়ানমারও বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে আসছে।

গেল সপ্তাহে জার্মানির একজন মন্ত্রী সৌজন্য সাক্ষাতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “দ্বিপক্ষীয় আলোচনা ছাড়াও বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে চুক্তি করেছে যাতে তারা স্বেচ্ছায় তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু মিয়ানমার চুক্তিও মানছে না, রোহিঙ্গাদের ফেরতও নিচ্ছে না।”

ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ওই অনুষ্ঠানে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় ওই চুক্তি কারও চাপে হয়ে থাকলে, সেটা মোকাবেলায় উদ্যোগ নেওয়ার দরকার ছিল বলে মন্তব্য করেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ।

দ্বিপাক্ষিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের চেষ্টা চালানোর সমালোচনা করে তিনি বলেন, “দীর্ঘদিন আমরা দ্বিপাক্ষিকতার আশাবাদে আটকে ছিলাম। এটা থেকে আমরা সম্প্রতি বের হয়ে এসেছি। আরও আগে বোঝা দরকার ছিল, দ্বিপাক্ষিকভাবে সমস্যার সমাধান হবে না। তারা সময়ক্ষেপণ করবে, কথাবার্তা বলবে, আসলে সমাধান হবে না।”

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ‘বৃহৎ শক্তিগুলোকে’ পাশে পায়নি মন্তব্য করে সাবেক এই পররাষ্ট্র সচিব বলেন, ”তাদেরকে আমরা পাশে পাইনি। চীন, ভারত, রাশিয়া, তিনটা দেশই। আমরা যেভাবে বলি না কেন, বিভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা হতে পারে, কিন্তু সত্য কথা হচ্ছে তারা আমাদের সাথে নেই এই বিষয়টাতে।

”দুঃখজনক হল, জাপানও অনেকটা আমাদের বিপক্ষে চলে গেছে এই ইস্যুতে। চ্যালেঞ্জ হবে তাদেরকে আমাদের পক্ষে নিয়ে আসা।”

জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের মধ্যে রোহিঙ্গা সমস্যার সমাধান নিহিত মন্তব্য করে তৌহিদ হোসেন বলেন, “প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ অধিবেশনের বক্তব্যে স্পষ্টভাবে বলা হয়েছে, এই সমস্যার সমাধান কীভাবে সম্ভব। এছাড়া বিকল্প রাস্তা নাই।

“সম্মান ও অধিকারের সঙ্গে তাদের যেতে হবে। তাদেরকে জোর করে ফেরত পাঠাতে পারবেন না।”

’প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ কূটনীতি: বৈশ্বিক পরিসরে বাংলাদেশের শক্তিশালী অবস্থান’ শীর্ষক ওই সেমিনারে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত এই সচিব।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সীমান্ত হত্যা প্রসঙ্গ

ভারত-বাংলাদেশ সীমান্তে গুলি করে হত্যার কড়া সমালোচনা করেন এক সময় কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের দায়িত্ব পালন করা তৌহিদ হোসেন।

তিনি বলেন, “পৃথিবীতে আর একটিও সীমান্ত নেই, দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে, যুদ্ধাবস্থা ব্যতীত, যেখানে নিয়মিত মানুষদের গুলি করে মারা হয়। পৃথিবীর বর্ডারেই মানুষ ডকুমেন্টস ছাড়া যাতায়াত করে কম বেশি। তার মানে এই না যে, গুলি করে মারা হবে।

“কিছু অদ্ভূত যুক্তি হাজির করা হয়, যে অপরাধী, চোরাচালানি ইত্যাদি। অপরাধীকেও গুলি করে মারে না কেউ। স্মাগলিং পৃথিবীর সব বর্ডারেই হয়।”

বন্ধুত্ব ও সীমান্ত হত্যা একসঙ্গে চলতে পারে না- ভারতের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশের এমন বক্তব্য জানানোর জন্য পররাষ্ট্রমন্ত্রী মোমেনের প্রশংসা করে তিনি বলেন, “এই কয়েকটি কথার মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের অন্তরের একটি কথা সামনে নিয়ে এসেছেন, সরকারি পর্যায় থেকে।”

ভারতের উদ্বেগের সব জায়গা দূর করা হলেও তার বিপরীতে বাংলাদেশের হাত শূন্যই থেকেছে বলে মনে করছেন তৌহিদ হোসেন।

তিনি বলেন, “ভারতের যে কনসার্নগুলো ছিল, সেগুলো কিন্তু আমরা মোটামুটি দূর করেছি। আমরা সবাই জানি। আমাদের যে কনসার্নগুলো সেটা কিন্তু রেসিপ্রোকালি দূর হয়নি। এটাও আমরা জানি। কাজে এই চ্যালেঞ্জটা রয়ে যাচ্ছে। পানি ইস্যু, সীমান্ত হত্যা প্রভৃতি।”

ভারতসহ প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্য অনেক দেশের জন্য ’অনুকরণীয়’ বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

তিনি বলেন, ”আলোচনার মাধ্যমে, সংলাপের মাধ্যমে আমাদের সব বড় বড় সমস্যা আমরা দূর করেছি। যেহেতু আমাদের প্রতিবেশীদের ওখানে কোনো অসুবিধা হলে, সেটার একটা ইমপ্যাক্ট আমাদের উপরে পড়ে।

”সেজন্য আমরা প্রতিবেশীদের বলি, বন্ধু দেশ এমন কিছু করবে না যাতে আমাদের কোনো ধরনের অসুবিধা সৃষ্টি হয়। কারণ আমরা তোমাদের বন্ধু, আশপাশে যারা আছে তাদের সবার চেয়ে।”

দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক- দুই ক্ষেত্রে বাংলাদেশ সমভাবে জোর দিচ্ছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কোনো ক্ষেত্রে দ্বিপাক্ষিক বেশি। কিন্তু বহুপাক্ষিক হচ্ছে আমাদের বড় লক্ষ্য অর্জনের বড় ক্ষেত্র। সেজন্য আমরা এর উপরে যথেষ্ট জোর দিচ্ছি।”

মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে বিশ্বে বাংলাদেশের নতুন ব্র্যান্ডিং করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ”গত ১১ বছরে তিনি (শেখ হাসিনা) যে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন, সেটা আমরা সারা পৃথিবীকে দেখাব। কোথায় সাড়ে তিন বিলিয়ন ছিল আমাদের রিজার্ভ, এখন সেটা ৩৩ বিলিয়নের বেশি। কোথায় ১২ বিলিয়ন ছিল আমার এক্সপোর্ট, এখন ৪৬ বিলিয়ন ডলারের বেশি।

“জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশ হত, আমাদের ৮ দশমিক ১৫ এর বেশি। এশিয়া-প্যাসিফিকের অন্যান্য দেশের তুলনায় যে অভাবনীয় সাফল্য, এগুলো আমাদের দেখানোর সুযোগ আছে।”

ডিক্যাব সভাপতি আঙ্গুর নাহার মন্টির সভাপতিত্বে সেমিনারে সাবেক পররাষ্ট্র সচিব ওয়ালিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস, ডিক্যাবের সাবেক সভাপতি মাসুদ করিম বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিক্যাব সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।