পরিকল্পিত মশা নিধন অভিযানে জোর মন্ত্রীর
পরিকল্পিত ব্যবস্থার মাধ্যমে মশা নিধন অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
গত বছরে ডেঙ্গু নিয়ে নাকাল হওয়ার প্রেক্ষাপটে এবার বর্ষা মৌসুমের আগেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘বিশেষ মশক নিধন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কাজ’ উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, “মশক নিধন অভিযান একটা পরিকল্পিত ব্যবস্থার মাধ্যমে করতে হবে। নির্বাচিত কাউন্সিলরদের স্ব স্ব ওয়ার্ডে দায়িত্ব ভাগ করে দিতে হবে। ভারপ্রাপ্ত মেয়র নবনির্বাচিত মেয়রের সাথে পরামর্শ করে সব কাজ করবেন।”
মশা নিধনে প্রয়োজনীয় যন্ত্রপাতি, ওষুধ, জনবল সিটি করপোরেশনের আছে বলেও জানান তিনি।
“আমি ব্যক্তিগতভাবে কার্যক্রমগুলো ফলোআপ করছি। মশার জন্য যা যা করা দরকার, করা হচ্ছে এবং করা হবে। মশার ওষুধ কী পরিমাণ আছে. তা সিটি করপোরেশন জানিয়েছে, তারা কনফার্ম করেছে ছয় মাসের ওষুধ রয়েছে।”
তাজুল বলেন, “আমি অনতিবিলম্বে তাদের কাজ শুরু করে দেয়ার জন্য বলেছি, একটা দিনও সময়ক্ষেপণ করাটা আমরা কোনভাবে মেনে নেব না।”
মশা মরছে না কেন- এ প্রশ্নে তিনি বলেন, “এ খালটা তো অপরিষ্কার রয়ে গেছে, এমন অনেক জায়গা আছে। আরও অনেক জায়গা আছে, সেখানে মশা উৎপাদন হয়, সেগুলো আবদ্ধ জায়গা। সেগুলোতে ওষুধ দেওয়া, ময়লা জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করার প্রয়োজন রয়েছে। সে অনুযায়ী কাজ করা হচ্ছে।”
কেন মশা বাড়ছে- সেই কারণগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তাজুল বলেন, “বিশ্বের কোনো দেশই মশা মুক্ত নয়। মশা এখন গ্রো হওয়ার আশঙ্কা রয়েছে, তাই আমরা গুরুত্বসহকারে কাজ করছি সবাই। গত বছরের অভিজ্ঞতার আলোকে সাধারণ মানুষ অনেক সচেতন হয়েছে, আমরাও কাজ করে যাচ্ছি, আগামীর জন্য প্রস্তুতিও নিয়েছি।”
অনুষ্ঠানে উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেন, “মশা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কিভাবে আমরা মশা নিয়ন্ত্রণে আনতে পারি, সেই লক্ষ্যে কাজ করছি।
“পাশাপাশি সবাইকেও এ বিষয়ে সচেতন হতে হবে। আমরা সুইপিং মেশিন, জেড অ্যান্ড সাকার মেশিন এনেছি। মন্ত্রীও নির্দেশ দিয়েছেন দ্রুত এসব কাজ করার জন্য।”
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এম মঞ্জুর হোসেন এসময় উপস্থিত ছিলেন।
