উরুগুয়ের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে আবদুল হামিদ
উরুগুয়ের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুই লোকেলো পো’র শপথ অনুষ্ঠানে অংশ নিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওতে পার্লামেন্ট ভবনে নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠিত হয়।
বঙ্গভবনের কর্মকর্তারা জানিয়েছেন, উরুগুয়ের নতুন প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাকে অভিনন্দন জানিয়েছেন আবদুল হামিদ।
এরপর আমন্ত্রিত অতিথিদের সঙ্গে উরুগুয়ের প্রেসিডেন্টের কার্যালয়ে যান বাংলাদেশের রাষ্ট্রপতি।
সেখানে উরুগুয়ের নতুন প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতিসহ অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
উরুগুয়ের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে সেদেশে বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমান, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া এবং প্রেস সচিব জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
গত নভেম্বরে অনুষ্ঠিত উরুগুয়ের সাধারণ নির্বাচনে বামপন্থিদের হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ৪৬ বছর বয়সী লুই পো।
