সুনামগঞ্জে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাওরাঞ্চল সুনামগঞ্জে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে আইনের খসড়া অনুমোদন দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সুনামগঞ্জে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন হলে এটি হবে দেশের ২০তম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে ১৯টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, “এটি মূলত প্রধানমন্ত্রীর ইনিশিয়েটিভ, কনসেপটটা উনার কাছ থেকেই এসেছে।
“এটা (সুনামগঞ্জ) রিমোট এরিয়া, রিমোট এরিয়াতেও বিশ্ববিদ্যালয় থাকা দরকার, উনি (প্রধানমন্ত্রী) মেইনলি এটা প্রোমোট করেছেন। তার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় সব বিধিবিধান পালন করে এই বিশ্ববিদ্যালয় আইন নিয়ে আসে।”
অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসরণ করে নতুন এই আইন করা হচ্ছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এতে ৫৫টি ধারা আছে। উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগ ছাড়াও সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল এবং অর্থ কমিটির বিষয়ে বিস্তারিতভাবে বলা আছে আইনে।
“এই আইনের আলোকে ২১টি অনুচ্ছেদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির খসড়া আইনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।”
এক প্রশ্নে আনোয়ারুল জানান, বর্তমানে ৩২টি জেলায় সরকারি বিশ্ববিদ্যালয় নেই। সব মিলিয়ে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ৪২টি।এর মধ্যে ১৭টি সাধারণ, ছয়টি কৃষি ও ভেটেরিনারি, ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়।
এর বাইরে চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে। আরও ছয়টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা প্রক্রিয়াধীন আছে।
দেশে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০৫টি।
