আইন করেই নারী নির্যাতন বন্ধ সম্ভব নয়: প্রতিমন্ত্রী
আইন প্রণয়ন করেই নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ইউএন উইমেন বাংলদেশ আয়োজিত কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের ৬৪তম সভায় তিনি একথা বলেন।
ইন্দিরা বলেন, “শুধু আইন করেই নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয়। সরকার একা এটা বন্ধ করতে পারবে না। জনসাধারণ ও সরকার যদি সমন্বিত উদ্যোগ না নেয় তাহলে এটা সম্ভব নয়।“
ফাইল ছবি
সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “স্বাধীন বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই সংবিধানে অত্যন্ত বলিষ্ঠভাবে নারী মুক্তি ও নারী-পুরুষের সমতার কথা ভেবেছেন। এর প্রতিফলন আমরা দেখতে পাই বাহাত্তরের সংবিধানে।”
ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, নারীরা সংরক্ষিত আসনে নির্বাচিত হয়ে সাংসদ হওয়ার বর্তমান রীতি তিনি নিজেও ‘চান না’।
“আমাদের দেশের পুরুষ শাসিত সমাজে আমরা চাইলেই নারীদের উন্নতি করতে পারব না। কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সংরক্ষিত আসন থেকে যারা নির্বাচিত হয়েছেন, তাদের থেকে অনেকেই কিন্তু মন্ত্রী হয়েছেন, স্পিকারও হয়েছেন। সেই সুযোগটা তৈরি করে দিতে হবে।”
মুজিববর্ষ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এক লাখ নতুন নারী উদ্যোক্তা তৈরির পরিকল্পনা জানান তিনি।
সভায় মন্ত্রণালয়টির সচিব কাজী রওশন আক্তার বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমাদের অর্জনটা ধরে রাখা আর জবাবদিহি নিশ্চিত করা।”
সুবিধাবঞ্চিত নারীদের প্রশিক্ষণের পাশাপাশি আয়ের সুযোগ তৈরি করে দেওয়ার কথাও জানান তিনি।
সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন দীপ্ত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাকিয়া কে হাসান, নারী প্রগতি সংঘের প্রধান নির্বাহী রোকেয়া কবির, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু প্রমুখ।
