২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্কাটনে অগ্নিকাণ্ডে নিহত শিশুর মায়েরও মৃত্যু

ঢাকার দিলু রোডের পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজন হল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2020, 11:56 AM

Updated : 10 Oct 2022, 07:00 PM

পুরনো খবর:

ইস্কাটনে আগুন: বাবার হাত ফসকে চিরতরে ঝরে গেল রুশদি

রোববার সকাল ৯টা ৩৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জান্নাতুল ফেরদৌসী (৩৪)।

গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের দিন এ কে এম রুশদি নামে যে শিশুটির মৃত্যু হয়েছিল, জান্নাত তারই মা।

বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জান্নাতের শরীরের ৯৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।
দেহের ৪৩ শতাংশ দগ্ধ নিয়ে এখনও হাসপাতালে রয়েছেন জান্নাতের স্বামী শহিদুল কিরমানী রনি (৩৯)।

Image
রাজধানীর ইস্কাটনের একটি আবাসিক ভবনে বৃহস্পতিবার ভোরে আগুন লেগে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়, দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন পাঁচজন। ছবি: আসিফ মাহমুদ অভি

রাজধানীর ইস্কাটনের একটি আবাসিক ভবনে বৃহস্পতিবার ভোরে আগুন লেগে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়, দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন পাঁচজন। ছবি: আসিফ মাহমুদ অভি

শহীদুল কিরমানি রনি পুলিশ প্লাজায় ‘ভিআইভিপি এস্টেট ম্যানেজমেন্ট’ নামে একটি কোম্পানির ফাইন্যান্স ম্যানেজার। আর তার স্ত্রী জান্নাত বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের অর্থ বিভাগে চাকরি করেন। তাদের বাড়ি নরসিংদীর শিবপুরের ইটনায়।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় ইস্কাটনের দিলু রোডে ওই ভবনের গ্যারেজে আগুন লেগেছিল।

ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর শিশু রুশদিসহ তিনজনের লাশ উদ্ধার করেছিল।