কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়েও ফুটবল টুর্নামেন্ট হবে: প্রধানমন্ত্রী
শিশু-কিশোরদের খেলাধুলার ধারাবাহিকতা রক্ষায় আগামীতে সরকারিভাবে আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (বালক) অনূর্ধ্ব সতেরো-২০১৯ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) অনূর্ধ্ব সতেরো-২০১৯ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, “অনূর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্ট করতে পারলাম। পাশাপাশি আমরা এখন আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা সেটারও ব্যবস্থা করছি। তাহলে ছোট থেকে যারা খেলাধুলা করছে তারা একটা খেলার সুযোগ পাবে। খেলাধুলার প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদের চরিত্র গঠন, সুস্বাস্থ্যের অধিকার এবং মেধাবিকাশের সুযোগ হবে। আগামী দিনের পৃথিবীতেও একটা স্থান করে নিতে পারবে।”
তরুণ দর্শনার্থী ও খেলোয়াড়দের কাছে প্রধানমন্ত্রী নিজের পরিচয় দেন ক্রীড়া পরিবারের একজন সদস্য হিসাবে।
“ছোটবেলা থেকে জাতির পিতা এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। ছাত্রজীবনে তিনিও একজন ফুটবলার ছিলেন। আমার দাদাও ফুটবল খেলতেন। আমার ভাইয়েরা ফুটবল খেলতেন, আমার নাতিপুতিরাও ফুটবল খেলে।”
মেয়েদের এই খেলা দেখে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করে করে প্রধানমন্ত্রী বলেন, “আমি একটা জিনিস না বলে পারছি না, এর আগেও খেলা দেখেছি। এবারের মেয়েদের খেলা দেখলাম। আমি দেখি আমাদের মেয়েরা অত্যন্ত চমৎকার খেলেছে। আমি সত্যিই খুবই আনন্দিত। আজকে যে দলগুলি উঠে এসেছে এরাই একদিন ন্যাশনাল দলগুলোতে খেলবে। সেখানে আমাদের খেলার উৎকর্ষ অনেক অনেক গুণ বাড়বে।
“এবার মেয়েদের খেলাটা দেখেছি, ছেলেদেরটা দেখতে পারিনি। আগামীতে ছেলেদের খেলাটাও দেখার চেষ্টা করব।”
