ঢাকার মেস থেকে তিতুমীরের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর দক্ষিণ কমলাপুরের একটি মেস থেকে তিতুমীর কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত মুজিবুর রহমান সাইমন (২৩) স্নাতক শেষ বর্ষের ছাত্র বলে পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাইমনের বাড়ি কুমিল্লার লাকসামে। দক্ষিণ কমলাপুর সরদার কলোনির একটি মেসে থাকতেন তিনি।
“প্রাথমিকভাবে মনে হচ্ছে, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।”
পুলিশ কর্মকর্তা জাহিদুল বলেন, “তার বন্ধু-বান্ধবের কাছ থেকে শুনেছি, ফেইসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার পরপরই সে আত্মহত্যা করেছে। তবে এখনও সেই স্ট্যাটাস দেখা হয়নি।”
মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন মোল্লা জানান, সাইমন সরদার কলোনিতে একটি পাঁচতলা ভবনের পাঁচতলার একটি কক্ষে থাকতেন। সেই কক্ষে আরও তিনজন থাকলেও তারা চাকরিজীবী এবং বাইরে ছিলেন।
“সাইমন ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলে ছিল। তাদের কক্ষে কাজের মহিলা এসে ঝুলন্ত সাইমনকে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়।”
পরে পুলিশ গিয়ে সাইমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
