২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস: নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৭৩১ জন

ঊনচল্লিশতম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে ৫৬৪ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2020, 04:59 PM

Updated : 18 Aug 2022, 02:30 PM

এছাড়া ৩৭তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে ১৬৭ জনকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বুধবার কমিশনের বিশেষ সভায় এদের নিয়োগের সুপারিশ করা হয় বলে পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

৩৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে চার হাজার ৫৪২ জনকে সহকারী সার্জন এবং ২৫০ জনকে সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

আর ৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৪ হাজার ৭৬৮ জন উত্তীর্ণ হলেও তাদের মধ্য থেকে এক হাজার ৩১৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে এবং প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে সুপারিশ পাননি এমন প্রার্থীদের মধ্য থেকে ১৬৭ জনকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হল।

এর আগে ৩৭তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে ৬৯২ জন এবং দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে এক হাজার ৫২ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি।

চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পান না, তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ৩১তম বিসিএস থেকে।

বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে (যারা ক্যাডার পায়নি) দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে ২০১৪ সালের ১৬ জুন নন-ক্যাডার পদের নিয়োগ বিধিমালা সংশোধন করে সরকার।

বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পায়নি তাদের মধ্য থেকে যারা প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ পেতে চান তাদেরকে আলাদাভাবে কমিশনে আবেদন করতে হয়।