‘বঙ্গবন্ধুকে হত্যার পর প্রতিবাদী হয়েছিলেন শিল্পী-সাহিত্যিকরা’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর শিল্পী-সাহিত্যিকরাই প্রতিবাদী ভূমিকা নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত মাসব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি পঁচাত্তরের স্মৃতিচারণ করে বলেন, “পঁচাত্তরের ১৫ অগাস্টের পর নির্মলেন্দু গুণের যে কবিতাটা.. এই কবিতাটা যেন শুধু ৭ মার্চের ভাষণের কথা না, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদের ভাষা হিসেবে উদ্ভাসিত হয়েছিল।”
বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনা বলেন, “জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর কবি-সাহিত্যিকরা তাদের লেখনীর মাধ্যমে একদিকে জাতির পিতার হত্যার প্রতিবাদ ও অন্যদিকে জাতির পিতার অবদানের কথা নির্ভয়ে তুলে ধরেছিলেন।
“তখনকার সময় যখন কেউ কথা বলার সাহস পায়নি তখন আমাদের কবি, শিল্পী-সাহিত্যিকরা এসেছিলেন এগিয়ে। তারাই কিন্তু কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছিলেন একদিকে প্রতিবাদের ভাষা, অপরদিকে জাতির পিতার যে অবদান, সেই কথা।”
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই উৎসবের উদ্বোধন করেন।
জাতির পিতাকে হত্যার পর স্বাধীনতার পরাজিত শক্তি ক্ষমতায় বসলে দেশ পিছিয়ে গিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
“পঁচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছিল তারা কিন্তু এই নাটকের উপর অনেক ধরনের কালাকানুন জারি করেছিল। সেই কালাকানুনগুলো ছিয়ানব্বই সালে সরকারে এসে আমরা তুলে নিই। সবাই যেন স্বাধীনভাবে নাটক করতে পারেন সেই ব্যবস্থা করে দিয়েছিলাম। নাটকের ওপর যে সেন্সর করা হতো, সেই সেন্সর প্রথাটা সম্পূর্ণ তুলে দিয়েছিলাম।
“নাটক তার স্বাধীন সত্তা নিয়ে চলবে সেজন্যই আমরা এটা তুলে দেই।আজকে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এবং উপজেলা পর্যায় পর্যন্ত যেন এই শিল্পের চর্চা হয় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি।”
শিল্প-সাহিত্যের প্রতি নিজের অনুরাগের কথা প্রকাশ করতে গিয়ে শেখ হাসিনা বলেন, “নূরুলদীনের সারাজীবন নাটকটা যখন মহিলা সমিতি নাট্যমঞ্চে হতো…কয়েকবারই আমি…কাউকে না বলে নিজে টিকেট কিনে সেখানে চুপচাপ গিয়ে বসেছি। যখনই নাটক শুরু হবে তখনই সেখানে চলে গিয়েছি। নাটকটা অন্তত আমি ২/৩ বার দেখেছি। আর যতবার দেখেছি আমি চোখের পানি রাখতে পারিনি।”
দেশের উন্নয়নযাত্রায় সংস্কৃতিচর্চাও জরুরি বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
“বর্তমান যুগে অনেক সময় দেখা যায় মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ একটা পরিবার, একটা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমাদের শিশু-কিশোর থেকে শুরু করে যুব সমাজ তাদেরকে যদি আমরা সঠিক পথে নিয়ে আসতে চাই তাহলে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এসব দিকে যত বেশি তাদের আমরা সম্পৃক্ত করতে পারব ততই তাদেরকে সুপথে আনতে পারব।
“তাছাড়া সংস্কৃতির বিকাশ একটি জাতির বৈশিষ্ট্য। আর সেই বৈশিষ্ট্যটা আমাদের ধরে রাখতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে সংস্কৃতিচর্চার মধ্য দিয়েই কিন্তু একটি জাতির স্বকীয়তা তুলে ধরা যায়, প্রকাশ করা যায়, প্রচার করা যায়।”
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস অনুষ্ঠান সঞ্চালনা করেন।
