২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশের জন্য প্রস্তুত হচ্ছে শহীদ মিনার

প্রথম প্রহর থেকেই শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে শুরু হবে অমর একুশে ফেব্রুয়ারি। তারপর প্রভাত ফেরিতে শিশু-যুবা আর বৃদ্ধদের ফুল দিয়ে শহীদদের স্মরণ চলবে দিনভর। মানুষের পদচারণায় ভাষাশহীদদের স্মরণ করার দিনটি উপলক্ষে প্রস্তুতি চলছে শহীদ মিনার প্রাঙ্গণে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2020, 01:19 AM

Updated : 10 Oct 2022, 06:58 PM

মঙ্গলবার শহীদ মিনার এলাকায় ঘুরে সরেজমিনে দেখা যায়, সৌন্দর্য বাড়াতে শহীদ মিনারসহ আশেপাশের রাস্তার দেয়ালে নতুন রঙ করা হচ্ছে।

শহীদ মিনারের চারপাশে বাতি স্থাপন করা হয়েছে। এছাড়া মূল বেদিসহ সংলগ্ন এলাকা ঝাড়ু দিয়ে  ধুয়েমুছে পরিষ্কার করার কাজও চলছে পুরোদমে।

অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একুশের ফেব্রুয়ারির প্রথম প্রহর ১২টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এ বছর উদযাপন কার্যক্রম চলবে। তবে ঘোষণা মঞ্চ থেকে ঘোষণা কার্যক্রম দুপুর ২টায় সমাপ্ত হবে।

একুশে ফেব্রুয়ারি উদযাপন নিয়ে আয়োজক কমিটির সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, “অমর একুশে উদযাপনের আয়োজন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি জাতীয় দায়িত্ব। রাষ্ট্রীয় আচার অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কমপক্ষে একমাস আগে থেকে একাডেমিক কাজের পাশাপাশি একুশে উদযাপনের প্রস্তুতি নিয়ে থাকে।

“উপাচার্য এ বিষয়টি কেন্দ্রীয় সমন্বয় কমিটিসহ বিভিন্ন উপ-কমিটিতে কাজ ভাগ করে দিয়ে সার্বিকভবে তদারকি করেন। এক্ষেত্রে আমরা গণপূর্ত মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের সহযোগিতায় শহীদ মিনারের সৌন্দর্য বৃদ্ধির কাজ করে থাকি।”

শহীদ মিনার প্রাঙ্গণসহ বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবারের মতো আলপনার কাজ হবে জানিয়ে তিনি বলেন,  “১৭ ফেব্রুয়ারির পর থেকে সেখানে কোনো সংগঠন প্রোগ্রাম করতে পারবে না। একদিন আগে আমাদের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা আলপনা এঁকে মূল বেদিসহ সংলগ্ন এলাকা রঙের তুলিতে সাজাবেন।

“২০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাস বা আইডি কার্ড ব্যতীত প্রবেশ নিষিদ্ধ থাকবে।

অমর একুশের ভাব-গাম্ভীর্য এবং সৌন্দর্য রক্ষার্থে একুশে ফেব্রুয়ারির আগে শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের প্রোগ্রাম আয়োজন ও বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালসমূহে কোনো ছবি-পোস্টার ও ব্যানার না লাগানোর জন্য সবার প্রতি অনুরোধ জানান এই অধ্যাপক।

একই দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ হওয়ায় তা যথাযোগ্য মর্যাদা এবং সুষ্ঠুভাবে  উদযাপনের লক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও নানা পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিধ্যালয় প্রশাসন।

আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন  সংস্কৃতি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে ‘অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’র প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে বলে জানান গোলাম রব্বানী।

“সেখানে একুশ উদযাপনে সার্বিক প্রস্তুতি ও  নিরাপত্তার বিষয়ে কথা হয়েছে। এর আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথেও আমাদের বৈঠক হয়েছিল।

“এর পরিপ্রেক্ষিতে আজকে ‘অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’ এবং বিভিন্ন উপ-কমিটির এক যৌথ সভা  অনুষ্ঠিত হয়েছে। সভায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন উপ-কমিটির কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলাপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই  প্রক্টর বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে এবং পুরো এলাকা সিসিটিভির আওতায় থাকবে।নিরাপত্তার পাশাপাশি অগ্নি নির্বাপণের ব্যবস্থাও থাকবে।

এছাড়া দর্শনার্থীদের নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিদেশি অতিথি এবংকূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

যে কোনো ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর পাশাপাশি গোয়েন্দা বাহিনীগুলোও তৎপর থাকবে।

২১ ফেব্রুয়ারি রাত ১২টা এক মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে  প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন এবং সর্বস্তরের জনগণ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন।

 গত ২৩ জানুয়ারি  উদযাপন কমিটির প্রস্তুতি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে সমন্বয়কারী, সমিতির সহ-সভাপতি অধ্যাপক মো. লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়াকে যুগ্ম-সমন্বয়কারী এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে সদস্য-সচিব করে অমর একুশে উদ্যাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়।