২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেবিচকের প্রধান প্রকৌশলীকে দুদকে তলব

কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী সুধেন্দু কুমার গোস্বামীসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন‌্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2020, 01:02 AM

Updated : 18 Aug 2022, 02:31 PM

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে পাঠানো নোটিসে তাদের আগামী ২০ ও ২৩ ফেব্রুয়ারি হাজির হতে বলা হয় বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
প্রধান প্রকৌশলী সুধেন্দু কুমার গোস্বামীর পাশাপাশি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম মাকসুদুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলামকে ২০ ফেব্রুয়ারি তলব করা হয়েছে।
এছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুজ্জামান, মো. মোকাব্বর আলী ও উপ-সহকারী প্রকৌশলী কাজী বায়েজিদ আহমেদকে ২৩ ফেব্রুয়ারি তলব করা হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে দুদক কর্মকর্তারা জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী ও কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের বরখাস্ত প্রকল্প পরিচালক মো. আমিনুল হাসিবসহ অন্যান্য প্রকৌশলী ও কর্মকর্তাদের দুর্নীতি, প্রকল্পের টাকা আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এ অনুসন্ধান করছেন।
টিমের অন্য সদস্যরা হলেন- দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান ও সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার।