বিজিবি সদস্য ইয়াবাসহ পুলিশের হাতে ধরা
ঢাকায় বিজিবির এক সদস্যকে ইয়াবাসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত ৯টায় বাড্ডার তেঁতুলতলা রোড এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজিবির ল্যান্স নায়েক নুরুজ্জামানের (৩৫) সঙ্গে শাহীন (৩৮) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছে ৩৮০ পিস ইয়াবা পাওয়া গেছে।”
ওসি বলেন, শাহীন মাদক বিক্রেতা, তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
মাদকের একটি চালান লেনদেনের সময় নুরুজ্জামান ও শাহীনকে ধরা হয় বলে জানান ওসি।
নুরুজ্জামান সরাইলে বিজিবি ব্যাটালিয়নে কর্মরত জানিয়ে পুলিশ কর্মকর্তা পারভেজ বলেন, তিনি বর্তমানে ছুটিতে আছেন।
দুজনের বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানান ওসি।
