২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশেষ’ সেবা দেবে বিআরটিসি, বিল পাস

হরতালে, দুর্যোগে কিংবা ইজতেমার মত ‘বিশেষ’ পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন যাতে ‘বিশেষ’ সেবা দিতে পারে, সেই বিধান যুক্ত করে নতুন আইন করতে সংসদে বিল পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2020, 07:23 PM

Updated : 18 Aug 2022, 02:30 PM

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিল-২০২০ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

১৯৬১ সালের বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন অধ্যাদেশ বাতিল করে প্রণীত নতুন এই আইনে বলা হয়েছে, হরতাল, পরিবহন ধর্মঘট, জরুরি অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, বিশ্ব ইজতেমা, মুক্তিযোদ্ধা সমাবেশ এবং অনুরূপ কোনো ‘বিশেষ’ পরিস্থিতিতে বিশেষ সড়ক পরিবহন সেবা দেবে বিটিআরসি।

বিআরটিসির মূলধনের ক্ষেত্রেও আইনে পরিবর্তন আনা হয়েছে। আগে অনুমোদিত মূলধন ছিল ৬ কোটি টাকা। পাস হওয়া বিলে তা এক হাজার কোটি টাকা করা হয়েছে। বলা হয়েছে, অনুমোদিত মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ১০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে।

এছাড়া বিআরটিসির পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা ১১ জন থেকে বাড়িয়ে ২৩ জন করা হয়েছে নতুন এ আইনে।

বিলে বলা হয়েছে, সরকারের অনুমোদন নিয়ে দেশের যেকোনো স্থানে এবং বিদেশে বিআরটিসির অফিস, ইউনিট, প্রশিক্ষণ কেন্দ্র, মেরামত কারখানা বা ডিপো স্থাপন করা যাবে।