দুদকের বাছিরের জামিন হয়নি, রুল হয়েছে
ডিআইজি মিজানুর রহমানের সঙ্গে ঘুষ লেনদেনের মামলায় দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরকে জামিন না দিলেও তাকে কেন জামিন দেওয়া হবে না, সে প্রশ্নে রুল জারি করেছে হাই কোর্ট।
এনামুল বাছিরের জামিনের আবেদনের শুনানি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করে।
আবেদনের পক্ষে শুনানি করেন ফারুক আলমগীর চৌধুরী। দুদকের পক্ষে শুনানি করেন মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
এনামুল বাছিরের আইনজীবী ফারুক আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এনামুল বাছির ও ডিআইজি মিজানের মধ্যে যে টাকার ঘুষ লেনদেনের কথা বলা হচ্ছে, সে টাকার কোনো ভিত্তি নাই।
“ঘুষ লেনদেনের বিষয়ে যে অভিযোগ আনা হয়েছে সে সংক্রান্ত একটি রেকর্ড আমরা আদালতে তুলে ধরে বলেছি, আমার মক্কেল সে অভিযোগের সাথে জড়িত না। তাকে ফাঁসানোর উদ্দেশ্যে এ ঘটনা সাজানো হয়েছে।
“তাছাড়া বলা হচ্ছে, ঘুষের লেনদেনটা নাকি রমনা পার্কে হয়েছে। এটি একটি পাবলিক প্লেস। সব শ্রেণির মানুষের আনাগোনা থাকে এখানে। ফলে ওইখানে বসে ঘুষ লেনদেনের বিষয়টি অস্বাভাবিক।”
বিতর্কিত পুলিশ কর্মকর্তা মিজান গত বছরের ৯ জুন দাবি করেন, দুর্নীতির অনুসন্ধান থেকে মুক্তি পেতে দুদক পরিচালক বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন তিনি।
বাছিরের সঙ্গে ঘুষ লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি রেকর্ডও ফাঁস করেন মিজান।
এ ঘটনায় দুদকের সচিব মুহাম্মদ দিলোয়ার বখতের নেতৃত্বে তিন সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি প্রতিবেদন পর্যালোচনা করে বাছিরকে দুদকের তথ্য অবৈধভাবে পাচার, চাকরির শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করে কমিশন। এরপর গত বছর ২২ জুলাই রাতে ঢাকার দারুস সালাম এলাকা থেকে বাছিরকে গ্রেপ্তার করে দুদকেরই একটি দল।
পরদিন বাছির জামিন আবেদন করলে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ তা নাকচ করে তাকে কারাগারে পাঠান।
সর্বশেষ গত ৫ জানুয়ারিও বিচারিক আদালতে জামিন আবেদন নাকচ করলে ৬ ফেব্রুয়ারি হাই কোর্টে জামিন আবেদন করেন বাছির।
অ্যাডভোকেট ফারুক আলমগীর বলেন, “ডিআইজি মিজানের বিরুদ্ধে দুই কোটি টাকা অবৈধভাবে গ্রহণ অভিযোগের বিষয়ে গত বছরের ২৬ মে এনামুল বাছির দুদকে প্রতিবেদন দেন। আর ডিআইজি মিজান এনামুল বাছিরের বিরুদ্ধে অভিযোগ তোলেন ৯ জুন। ফলে লেনদেনের এ ঘটনার সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
“এনামুল বাছির দুদকের অনেক বড় বড় মামলা সাফল্যের সাথে তদন্ত করেছেন। এর আগে তার বিরুদ্ধে এ ধলনের কোনো অভিযোগ ওঠেনি। তাছাড়া তিনি অসুস্থ।, জামিনের হকদার।”
দুদক আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, “জামিনের বিরোধিতা করে আদালতে বলেছি, এ মামলার অভিযোগপত্র বিচারিক আদালতে জমা দেওয়া হয়েছে। বিচারিক আদালত তা আমলেও নিয়েছে। এই পর্যায়ে তাকে জামিন দেওয়া সমুচিৎ হবে না। এ বক্তব্য শুনে আদালত তাকে জামিন না দিয়ে জামিন প্রশ্নে রুল দিয়েছেন।”
৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে গত বছর ১৬ জুলাই দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা অর্থ পাচার আইনে সংস্থার ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন।
বাছিরের পাশাপাশি ডিআইজি মিজানও সাময়িক বরখাস্ত হয়ে আছেন।
