এমপি রতনকে দুদকে তলব
জি কে শামীমের বিভিন্ন ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত থেকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে পাঠানো নোটিসে তাকে আগামী ১৮ ফেব্রুয়ারি কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
রতন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য। রাজধানীর গুলশান-১ এর ২০/২২ নম্বর বাড়ির ন্যাম ভিলার ঠিকানায় নোটিস পাঠিয়েছে দুদক।
তাকে পাঠানো নোটিসে অভিযোগের বিষয়ে বলা হয়, “ঠিকাদার জি কে শামীমসহ অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারি কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা করে শত শত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় অর্জন করে বিদেশে পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য রেকর্ড করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।”
দুদকের তলব করার বিষয়ে জানতে সোমবার রতনকে ফোন করা হলে তিনি ধরেননি।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এর আগে গত বছরের ২৪ অক্টোবর রতনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় দুদক।
গত বছরের ১৮ই সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হয়। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানে নামে দুদক। এখন পর্যন্ত ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০টি মামলা করেছে দুদক।
ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রায় ২০০ জনের তালিকা ধরে দুদক অনুসন্ধান করছে দুদক।
