বিশ্বকাপজয়ী যুব ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় যুব ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যুব ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান জানিয়েছেন।
সচিবালয়ের এক ব্রিফিংয়ে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ভারতকে হারিয়ে যুব টাইগাররা বিজয়ী হওয়ায় মন্ত্রিসভার বৈঠকে তাদের অভিনন্দন জানানো হয়।
“আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সকল পর্বে বাংলাদেশ ক্রিকেট দল অসাধারণ নৈপুণ্য ও বিজয়ের মাধ্যমে একটি পরিপূর্ণ সুসংহত দল হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সুপ্রতিষ্ঠিত করেছে। এ বিজয় বাংলাদেশকে একটি গৌরবময় এক স্থানে নিয়ে গেছে।”
সচিব মুজিবুর বলেন, “মুজিববর্ষের সূচনালগ্নে নতুন প্রজন্মের বিশ্বকাপ জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বির্নিমানে এক অনন্য সংযোজন, এক অসাধারণ অর্জন।
“মন্ত্রিসভা কমিটি মনে করে, এ অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ক্রীড়া উন্নয়নে গৃহীত ক্রীড়া উন্নয়নে বিভিন্ন কর্মসূচির ফলপ্রসূতার পরিচায়ক। মন্ত্রিসভা এ-ও আশা করে যে প্রথমবারের মত এ অর্জন অনুর্ধ্ব ১৯ দলকে আরও দৃঢ় প্রত্যয়ী করে তুলবে এবং ভবিষতে আরও ভালো ফল আনার ক্ষেত্রে উদ্দীপনা জোগাবে।”
নিরলস অনুশীলনের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল একই ধারাবাহিকতায় কাঙিাক্ষত ফলাফল অর্জন করে জাতিকে গৌরবান্বিত করবে বলেও মন্ত্রিসভা আশাবাদ ব্যক্ত করেছে।
