রাজধানীতে পাঁচ জঙ্গি গ্রেপ্তার
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গ্রেপ্তাররা হলেন- মো. নিজাম উদ্দিন, মো. রায়হান ভূঁইয়া, মো. হানিফ উদ্দিন সুমন, শেখ ইফতেখারুল ইসলাম ওরফে আরিফ ও মুফতি মুসলিম উদ্দিন ওরফে মুসলিম।
রোববার রাতে রাজধানীর সবুজবাগের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, তিনটি ব্যাগ ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. ইলিয়াছ শরীফ জানান, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল-ইসলামের অনুসারী কথা বলে স্বীকার করেছে।
তিনি বলেন, তারা ওই সংগঠনের আদর্শ বাস্তবায়নের জন্য প্রশিক্ষণ নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে দেশের বিভিন্ন জেলা থেকে সুবজবাগে একত্রিত হয়েছিল।
তিনি বলেন, সম্প্রতি আনসার আল-ইসলামের নেতা আবু কায়সার ওরফে রনির নির্দেশে এই গ্রুপের সদস্যরা ইসকন মন্দির ও ইসকনের অন্যান্য স্থাপনায় হামলা পরিকল্পনা করেছিল।
সবুজবাগ থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
চার দিনের রিমান্ড
এদিকে আনসার আল-ইসলামের গ্রেপ্তার পাঁচ সদস্যকে চারদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
বিকালে তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির এসআই সোহেল মাহমুদ ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
গ্রেপ্তারদের পক্ষে বিচারকের অনুমতি নিয়ে একজন আইনজীবী দাঁড়িয়ে রিমান্ড বাতিল চান।
শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম চারদিন রিমান্ড মঞ্জুর করেন।
