২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কদমতলীতে দুই কিশোরীকে ধর্ষণ: ৩ আসামি গ্রেপ্তারের পর রিমান্ডে

ঢাকার কদমতলীতে বাসায় ঢুকে দুই কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2020, 02:52 PM

Updated : 18 Aug 2022, 02:30 PM

রোববার রাতে নোয়াখালীপট্টি এলাকায় অভিযান চালিয়ে রানা ব্যাপারী (৩২), সোহেল ব্যাপারী (৩৮) ও আক্তার আলী (৩৮) নামের ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর জানিয়েছেন।

সোমবার বিকালে তাদের ঢাকার আদালতে হাজির করে ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেন ধর্ষণ মামলাটির তদন্ত কর্মকর্তা কদমতলী থানার পরিদর্শক মাহবুব আলম।

শুনানি শেষে মহানগর হাকিম সত্যব্রত শিকদার তিন দিন রিমান্ডের আদেশ দেন।

ধর্ষণের শিকার দুই কিশোরীর বয়স ১৩ ও ১৫ বছর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, কদমতলী এলাকার এক দম্পতি শনিবার সন্ধ্যায় তাদের ১৫ বছর বয়সী মেয়েকে বাসায় রেখে বাইরে যান। একা থাকতে হবে ভেবে ওই কিশোরী তার এক বান্ধবীকে বাসায় ডেকে আনে।

“রাত ১০টার দিকে ওই তিনজন বাসায় ঢুকে দুই কিশোরীর হাত-পা-মুখ বেঁধে তাদের ধর্ষণ করে।”

গ্রেপ্তার তিনজন একই এলাকার বাসিন্দা।

ওই ঘটনায় রোববার সকালে কদমতলী থানায় মামলা করে মেয়েটির পরিবার।