আলাদা এজলাস পেল সাইবার ট্রাইব্যুনাল
সাইবার অপরাধের মামলার বিচারে বাংলাদেশের একমাত্র ট্রাইব্যুনালটি এতদিন ঢাকার আদালত ভবনে যেভাবে এজলাস ভাগাভাগি করে চলছিল, তা থেকে মুক্তি পেয়েছে।
ঢাকার জেলা ও দায়রা জজ আদালত (পুরাতন) ভবনের ষষ্ঠ তলায় নতুন এজলাস পেয়েছে বাংলাদে সাইবার সাইবার ট্রাইব্যুনাল।
রোববার সকালে নতুন এজলাসে বসে বিচার কাজ পরিচালনা করেছেন বিচারক আস সামছ জগলুল হোসেন।
স্পর্শকাতর, গুরুত্বসম্পন্ন মামলার বিচারে গঠিত বিশেষায়িত এ আদালত স্বতন্ত্র এজলাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আইনজীবী, বিচারপ্রার্থী ও আদালত কর্মচারীরা।
২০১৩ সালের অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ষষ্ঠ তলায় ১ নম্বর বিশেষ জজের এজলাসে সময় ভাগ করে শুরু হয়েছিল সাইবার ট্রাইব্যুনালের কার্যক্রম।
সেখানে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষ জজ আদালতের কার্যক্রম চলত। দুপুর ২টায় শুরু হত সাইবার ট্রাইবুনালের কাজ। এরপর কাজ চলত ৪ নম্বর বিশেষ জজ আদালতের এজলাস ভাগাভাগি করে।
“তা থেকে এখন মুক্তি মিলল,” নতুন এজলাস পাওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ট্রাইবুনালের পেশকার শামীম আল মামুন।
তিনি জানান, ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা এখন প্রায় ১৭০০। এজলাস সঙ্কট কেটে যাওয়ায় বিচার এখন গতি পাবে।
এতদিন এজলাস ভাগাভাগি করে চলত সাইবার ট্রাইব্যুনালের কাজ।
এ ট্রাইব্যুনালে বিভিন্ন মামলার শুনানিতে নিয়মিত অংশ নেওয়া আইনজীবী পারভেজ হাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিচার প্রশাসনের সমন্বয়হীনতার কারণে ট্রাইবুনাল চালু হওয়ার শুরুতে এজলাস পাওয়া যায়নি। সোয়া ৬ বছর পর পৃথক এজলাস পাওয়া গেল। অথচ শুরু থেকে এই ট্রাইবুনালের পৃথক এজলাস দরকার ছিল।
আরেক আইনজীবী জীবনানন্দ চন্দ জয়ন্ত বলেন, “এখন এর সুবিধা পাবে বিচারপ্রার্থী ও আইনজীবীরা।”
নতুন এজলাসে ট্রাইব্যুনালের কাজ শুরু হলেও এখনও কোনো সাইনবোর্ড টানানো হয়নি।
আইনজীবী পারভেজ আতিক বলেন, এখনও প্রয়োজনীয় আসবাবপত্রও বসানো হয়নি।
