ভোটের দিন সাংবাদিকের উপর হামলা: গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে
ঢাকা সিটি নির্বাচনে ভোটগ্রহণের দিন উত্তর সিটি করপোরেশনের মোহাম্মদপুরে এক মিছিলে থেকে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার ইসমাইল হোসেনকে এক দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।
ইসমাইলকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আলতাফ হোসেন।
আবেদনের বলা হয়,“ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অপরাপর দোষীদের গ্রেপ্তারে আসামিকে রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসা করা প্রয়োজন।”
অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী ফোরকান মিয়া রিমান্ড বাতিল করে ইসমাইলের জামিন চেয়েছিলেন।
তিনি বলেন, ঘটনার তিন দিন পর মামলা হয়েছে। এই আসামির নাম এজাহারে নেই। তাকে ঘর থেকে ডেকে নিয়ে পুলিশ এই মামলায় গ্রেপ্তার দেখায়।
হামলার পাঁচ দিন পর গত ৫ ফেব্রুয়ারি রাতে রায়েরবাজার এলাকার একটি বাসা থেকে ইসমাইলকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেপ্তারের পর এসআই আলতাফ হোসেন জানান, ঘটনার ভিডিও ফুটেজ, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী হামলাকারীদের শনাক্ত করে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরে ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ মোহাম্মদ হোসেন খোকনের পক্ষে সশস্ত্র মহড়ার ছবি তোলায় সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
