জাহাজ বাড়ির মামলায় অভিযোগ গঠন ২ মার্চ
ঢাবার কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের মামলায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হলেও অভিযোগ গঠন হয়নি।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য ২ মার্চ দিন ঠিক করেছেন সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক।
বৃহস্পতিবার এই দিন ঠিক করে বিচারক বলেছেন, তিনি ভালো করে নথিপত্র বিবেচনা করে আদেশ দেবেন।
এদিন আসামি আব্দুর রউফ, মুফতি আবুল কাশেম ও সালাহ উদ্দিন কামরানকে মামলা থেকে অব্যাহতি দিতে আদালতে আবেদন করেন তাদের আইনজীবীরা।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌসুলি গোলাম ছারোয়ার খান জাকির সেই আবেদনের বিরোধিতা করে অভিযোগ গঠনের দাবি জানান।
মামলার আসামিরা হলেন- রাকিকুল হাসান রিগ্যান (২১), সালাহ্ উদ্দিন কামরান (৩০), আব্দুর রউফ প্রধান (৬৩), আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র্যাশ (২০), শরীফুল ইসলাম ওরফে খালেদ ওরফে সোলায়মান (২৫), মামুনুর রশিদ রিপন ওরফে মামুন (৩০), আজাদুল কবিরাজ ওরফে হার্টবিট (২৮), মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর (৬০), আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে নাসরল্লা হক ওরফে মুসাফির ওরফে জয় ওরফে কুলমেন (৩৩) ও হাদিসুর রহমান সাগর (৪০)।
তাদের মধ্যে আজাদুল কবিরাজ পলাতক রয়েছেন। আব্দুর রউফ ও আবুল কাশেম আছেন জামিনে, বাকিরা কারাগারে।
কারাগারে থাকা সাত আসামিকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়নি। তবে জামিনে থাকা দুই আসামি আদালতে হাজিরা দেন।
রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ এর পঞ্চম তলায় ২০১৬ সালের ২৬ জুলাই ভোরে অভিযান চালায় পুলশ। অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন। তারা সবাই জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ।
ওই ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২০১৮ সালের ৫ ডিসেম্বর আদালতে এ চার্জশিট দাখিল করেন। গত বছর ৯ মে মামলাটি বিচারের জন্য সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয়। এরপর ১৮ জুলাই আদালত ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন।
