২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুধ আমদানিতে শুল্ক বাড়ানোয় ‘হুমকি পেয়েছিলেন’ সচিব

গুঁড়ো দুধ আমদানিতে শুল্ক বাড়ানোর পর মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচালক কাজী ওয়াছি উদ্দিনের জীবননাশের হুমকি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মন্ত্রী আশরাফ আলী খান খসরু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2020, 09:39 PM

Updated : 18 Aug 2022, 02:28 PM

বুধবার ‘প্রান্তিক খামারিদের বিকাশে সরকারি-বেসরকারি নীতিমালা ও সেবা : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সভায় এই তথ্য জানিয়ে হুমকিদাতা হিসেবে গুঁড়ো দুধ আমদানিকারকদের ইঙ্গিত করেন।

মন্ত্রী খসরু বলেন, “দেশীয় দুধের জনপ্রিয়তা বাড়ানোর জন্য গত (চলমান) বাজেটে প্রধানমন্ত্রীর নির্দেশে আমদানি করা দুধের ওপর ৫ শতাংশ অতিরিক্ত কর বসানো হল।

“এরপর ষড়যন্ত্র শুরু হয়ে গেল। ওয়াছি সাহেবের জীবনের ওপরে হুমকি এসে গেল। ওনাকে থ্রেট করা হল যে দেখে নেওয়া হবে। এটার একমাত্র কারণ ওই ফাইভ পার্সেন্ট ট্যাক্স বাড়ানো।”

দেশে উৎপাদিত দুধে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি রয়েছে বলে একদল গবেষকের দাবির পেছনেও ষড়যন্ত্র রয়েছে বলে ইঙ্গিত করেন প্রাণিসম্পদমন্ত্রী।

“ওই ষড়যন্ত্রে আপনি আমি জড়িত, ইলেক্ট্রনিক মিডিয়া জড়িত, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকরা জড়িত। তারা বলা শুরু করল এটাতে (দেশীয় দুধে) অ্যান্টিবায়োটিক ও সীসা অনেক বেশি। এতে মানুষের ক্যান্সার হবে, বাচ্চাদের লিভার নষ্ট হয়ে যাবে।

“তখন আমি হজে ছিলাম আর প্রধানমন্ত্রী চক্ষু অপারেশনের জন্য লন্ডনে। হুলুস্থুল কাণ্ড শুরু হয়ে গেল, দেশী দুধ কেউ নেয় না। খামারি ভায়েরা দুধ ফেলে দিতে লাগল।

“তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রধানমন্ত্রী লন্ডন থেকে কৃষি মন্ত্রীকে সংবাদ সম্মেলন করার নির্দেশ দিলেন। দেশীয় দুধে আসলেই ক্ষতিকর কিছু আছে কি না, তা জানার জন্য আমরা তাড়াতাড়ি করে চেন্নাইয়ের এক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য দুধ পাঠানো হল। ওখান থেকে (চেন্নাইয়ের ল্যাব) বলা হল, এটা সহনীয়। যে মাত্রায় (ক্ষতিকর) আছে, তা ইউরোপীয় দুধেও আছে। এর ফলে কিছুটা দমল।”

ওই সময় দেশের দুগ্ধ খামারিদের সরব না হওয়ার সমালোচনাও করেন মন্ত্রী।

“আপনাদের এসময় এগিয়ে আসা উচিৎ ছিল। ওই সময় যদি আপনারাও সেমিনার করতেন, প্রতিবাদ করতেন, টিভিতে বিজ্ঞাপন প্রচার করতেন তাহলে তখন ওই অবস্থার সৃষ্টি হত না।”

ঢাকার ব্র্যাক সেন্টারে অক্সফাম বাংলাদেশ এবং বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে জানানো হয়, প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে ‘প্রাণিসম্পদ ও ডেইরি-উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্পটির পরিচালক কাজী ওয়াছি উদ্দিন বলেন, এর মাধ্যমে দেশের প্রাণী সম্পদ ও দুগ্ধে দেশকে স্বয়ং সম্পূর্ণ করার লক্ষে কাকাজ চালানো হচ্ছে।

৪ হাজার ২৮০ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার টাকার এ প্রকল্পটির কাজ শুরু হয়েছে চলতি বছরের জানুয়ারিতে, মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ডিসেম্বরে।

কাজী ওয়াছি উদ্দিন বলেন, দেশে প্রতিবছর ক্ষুরা রোগের কারণে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়। কিন্তু ৫ কোটি টাকার ল্যাব বসানো হয় না। ল্যাব বসিয়ে পশুর রোগ নির্ণয় করা হলে চিকিৎসা দেওয়া সম্ভব।

গবাদী পশুকে সুস্থ রাখার এজন্য এখন ৫টি টিকা দেওয়া হয় বলে জানান তিনি।

অক্সফামের ইকোনমিক জাস্টিস ও রেজিলিয়েন্স প্রোগ্রাম ম্যানেজার খালিদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অক্সফামের সিনিয়র প্রোগ্রামার মো. মোতাসিম বিল্লাহ।

তিনি  বলেন, “গত ১০ বছরে দেশে তরল দুধের উৎপাদন চার গুণেরও বেশি বেড়েছে। দেশে বর্তমানে এক লাখ খামার ও ৯৯ লাখ টন দুধ উৎপাদন হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ দুধে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।”