চার দিনেও খোঁজ মিলেনি আশামনির
ঢাকার কদমতলীর ডিএনডি খালে পড়ে যাওয়া পাঁচ বছরের শিশু আশামনির খোঁজ চার দিনেও পাওয়া যায়নি।
শনিবার বিকালে কদমতলীর মোহাম্মদবাগের বাসার পাশে সমবয়সী সঙ্গে খেলা করছিল আশামনি।
ডিএনডি খালে ময়লার উপরে তাদের বলটি পড়লে শিশু আশামনি বলটি তুলতে গেলে ময়লার নিচে পানির মধ্যে তলিয়ে যায় সে।
তলিয়ে যাওয়ার পর থেকেই শিশুটিকে খুঁজছে ফায়ার সার্ভিস কিন্তু চারদিনেও খুঁজে পাচ্ছে না।
মঙ্গলবার দুপুরে মোহাম্মদবাগের বাসিন্দারা উদ্ধার অভিযান আরও জোরদার করার দাবিতে মানববন্ধন করেছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নজমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সর্বদা কাজ করছে।
“পুরো খালে ময়লায় পরিপূর্ণ। মাঝে মাঝে ময়লার স্তর এমন হয়ে রয়েছে যে মনে হবে নিচে পানি নেই। কিন্তু যে কেউ ওই ময়লার উপর পা দিলে তলিয়ে যাবে। শিশুটি ওইভাবে তলিয়ে যায়।”
তিনি বলেন, উদ্ধার অভিযানে কোনো ঘাটতি নেই। রাতেও একটি ইউনিট ঘটনাস্থলে থাকছে। সমস্যা হলো পুরো খালে ময়লা ভর্তি।
“এই চার দিনে এলাকাবাসী, ফায়ার সার্ভিস মিলে এক কিলোমিটারের মতো ময়লা পরিষ্কার করেছে। কিন্তু খাল তো অনেক দীর্ঘ।”
ফারুক নামে একজন এলাকাবাসী বলেন, এই ওয়ার্ডটি বর্তমানে ৫৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। আগে শ্যামপুর ইউনিয়ন ছিল। তাই অবহেলিত ছিল। বর্তমানে ডিএনডি খাল সংস্কারের কাজ করা হচ্ছে।
মঙ্গলবার স্থানীয় কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ৪০ জন শ্রমিক দিয়ে ময়লা পরিষ্কারের কাজ করিয়েছেন।
আশামনির বাবার নাম এরশাদ হোসেন। মোহাম্মদবাগে একটি মুদি দোকান রয়েছে তার।
স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের নার্সারিতে ভর্তি হয়েছিল আশামনি। তার ১০ মাস বয়সী ছোট ভাই রয়েছে।
