২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির বহিষ্কৃতদের তালিকা প্রকাশ করতে প্রক্টরকে চরমপত্র

ভর্তি জালিয়াতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শিক্ষার্থীদের নাম প্রকাশ করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ৫ দিনের সময় বেঁধে দিয়েছেন ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2020, 01:57 AM

Updated : 18 Aug 2022, 02:28 PM

সোমবার কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে এই দাবিতে প্রক্টর কার্যালয়ে স্মারকলিপি দেন সৈকত। দাবি পূরণ না হলে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেন তিনি।

এর আগে গত ৩০ জানুয়ারি ভর্তি জালিয়াতির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ৬৩ জনসহ মোট ৬৭ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। 

সৈকত স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই পদক্ষেপের জন্য প্রক্টরকে ধন্যবাদ জানান।

পাশাপাশি তিনি বলেন, “অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বহিষ্কৃতদের নাম প্রকাশ না করে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে যে প্রহসন করছেন, তা রীতিমতো শিক্ষার্থীদের মনে দাগ কেটেছে।

“উপাচার্য মহোদয় আপনাকে বলার পরেও আপনি বহিষ্কৃতদের নাম প্রকাশ না করে যে ধৃষ্টতা দেখিয়েছেন, তাতে শিক্ষার্থীরা আপনাকে ধিক্কার জানিয়েছে। এতে করে শিক্ষাথীদের মধ্যে সন্দেহের দানা বেঁধেছে এবং শিক্ষাথীরা সরিষার ভেতরে ভূত দেখতে পাচ্ছে।”

হুঁশিয়ারি দিয়ে সৈকত বলেন, “আগামী ৫ দিনের মধ্যে বহিস্কৃত শিক্ষার্থীদের নাম প্রকাশ করার মাধ্যমে সকল প্রশ্নের অবসান ঘটাতে হবে। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে কিভাবে ন্যায্যতা আদায় করে নিতে হয় এবং প্রয়োজনে শিক্ষার্থীরা প্রক্টর অফিসে তালা ঝুলাতে বাধ্য হবে।”

এর আগে বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা চাইলে প্রক্টর গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেছিলেন, বহিষ্কৃতদের বিরুদ্ধে সিআইডির মামলা চলমান থাকায় আইনি জটিলতার কারণে তালিকা দেওয়া যাবে না।