২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী ইতালি যাচ্ছেন মঙ্গলবার

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2020, 12:40 AM

Updated : 18 Aug 2022, 02:28 PM

মঙ্গলবার সকালে তিনি রওনা হবেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ৫ ফেব্রুয়ারি জুসেপ্পে কন্তের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

ঢাকা থেকে রওনা হয়ে বিকালে রোমের ফিয়ামিসিনো বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ভিভিআইপি ফ্লাইটটি।

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পার্কো দে প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় নিয়ে যাওয়া হবে। সফরে সেখানেই থাকবেন তিনি।

শেখ হাসিনা ওই দিন সন্ধ্যায় হোটেলে তার সম্মানে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। ৫ ফেব্রুয়ারি সকালে তিনি রোমের ভায়া দেল এন্টারটাইড এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবন উদ্বোধন করবেন।
ওই দিন বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের সঙ্গে বৈঠক করবেন এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাজো চিগিতে এক আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

দুই শীর্ষ নেতা সম্মেলনে দ্বিপক্ষীয় সার্বিক ইস্যুগুলোর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।

৬ ফেব্রুয়ারি সকালে শেখ হাসিনা ক্যাথিলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করবেন।
ওই দিন রোম থেকে মিলান যাবেন প্রধানমন্ত্রী। পরদিন মিলান থেকেই উদ্দেশে দেশে রওনা হবেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে ঢাকা ও রোমের মধ্যে তিনটি চুক্তি সই হতে পারে।

প্রস্তাবিত চুক্তিগুলোর মধ্যে রয়েছে সাংস্কৃতিক বিনিময়, রাজনৈতিক আলোচনা এবং কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা।
টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইউরোপের কোন দেশে শেখ হাসিনার এটাই প্রথম সফর।

মোমেন বলেন, “আমরা এই সফরটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছি। কারণ এ সফরে বাংলাদেশে ইতালীয় উদ্যোক্তাদের নতুন বিনিয়োগের সন্ধান, ইতালিতে আরও বিভিন্ন পণ্য রপ্তানি এবং দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্র অনুসন্ধান করার প্রয়াস চালানো হবে।”

ইতালিতে দুই লাখের বেশি বাংলাদেশি বসবাস করে।