ব্রিটিশ আমলের পুলিশ আইন পাল্টাচ্ছে
ব্রিটিশ আমলের পুলিশ আইন বর্তমান অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে নতুন করে প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে বলে রোববার সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
জামালপুরের মোজাফফর হোসেন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ব্রিটিশ আমলে প্রণীত পুলিশ অ্যাক্ট-১৮৬১ এর বাংলা ভাষায় রূপান্তরসহ বর্তমান অবস্থার সাথে সামঞ্জস্য রেখে যুগোপযোগী হিসেবে প্রণয়নের পরিকল্পনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গ্রহণ করেছে।
“সকলের কাছে সহজবোধ্য হিসেবে গড়ে তোলা এবং সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশকে জনসেবায় অধিকতর মনোযোগী করে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
বিএনপির হারুনুর রশীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে বিভিন্ন সরকারি প্রকল্প, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিওতে সর্বমোট ২৬ হাজার ২৪০ জন ভারতীয় নাগরিক কর্মরত আছে।
মেহেরপুরের মোহাম্মদ সাহিদুজ্জামানের স্বরাষ্ট্রমন্ত্রী ভারত সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি মানুষ হত্যা রোধে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, “সীমান্ত এলাকরায় বিজিবি ও বিএসএফের মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সে সকল স্থানগুলো সমন্বিত টহল কার্যক্রমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে।
“বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় সার্ভেলেইন্যান্স সিস্টেম স্থাপনের নিমিত্তে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে যশোরের পুটখালি এলাকায় ৭ কি.মি এবং টেকনাফ ও কক্সবাজার এলাকায় ৭৯ কি.মিসহ মোট ৮৬ কি.মি সার্ভেলেইন্যান্স সিস্টেম স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া হাপানিয়া (নওগাঁ) হিলি (জয়পুরহাট) ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় আরও ৪৮ কি.মি সার্ভেলেইন্যান্স সিস্টেম স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।”
ঢাকার সৈয়দ আবু হোসেন বাবলার প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, “যে সকল দেশে এখনো বাংলাদেশের মিশন নেই সেকল দেশের মধ্যে বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে পর্যায়ক্রমে নতুন নতুন মিশন খোলার পরিকল্পনা রয়েছে। ২০২১ সালের মধ্যে বিদেশস্থ বাংলাদেশের মিশন সংখ্যা ১০০তে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।”
