বইমেলায় এক স্টলে অগ্নিকাণ্ড
অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিনেই অগ্নিকাণ্ড ঘটেছে একটি স্টলে।
মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের রাবেয়া বুকসের স্টলে রোববার সন্ধ্যা ৭টার দিকে অগ্নিকাণ্ড ঘটে।
তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয় বলে জানান বাংলা একাডেমির গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
রাবেয়া বুকসের সেলসম্যান রিফাত হাওলাদার বলেন, “৫ মিনিটের মতো স্থায়ী ছিল আগুন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ফায়ার এক্সিটিংগুইশার দিয়ে আগুন নেভায়।”
আগুনে স্টলের এক দিকের কোনার শামিয়ানা পুড়লেও কোনো বই পোড়েনি বলে জানান তিনি।
আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে জানান তিনি।
রাবেয়া বুকসের স্টল নির্মাণে কোনো ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হবে বলে জানান জালাল আহমেদ।
