হজযাত্রায় বিমান ভাড়া কমানোর দাবি
হজের যাত্রায় অতিরিক্ত বিমান ভাড়া কমানোর দাবি জানিয়ে বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ মানববন্ধন করেছে।
বিমান ভাড়া না কমালে আন্দোলনের বড় কর্মসূচি নিয়ে নামার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ের সামনে রোববার সকালে মানববন্ধনে পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল নাসের বলেন, ওমরাহ পালন করতে বিমান ভাড়া লাগে ৪৫ হাজার থেকে ৪৮ হাজার টাকা।
“গতবছর হজযাত্রীদের বিমান ভাড়া ছিল এক লাখ ৩০ হাজার টাকা কিন্তু এ বছর এক লাখ ৪০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি, অযৌক্তিক হজযাত্রীদের উপর জুলুম।”
হজযাত্রীদের বিমান ভাড়া এক লাখ টাকা করার দাবি জানিয়ে তিনি বলেন, “কোনো প্রকার হয়রানি ছাড়া সকল হজযাত্রীর সংখ্যা অনুযায়ী টিকেটের ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
অচিরেই বর্ধিত বিমান ভাড়া প্রত্যাহার করে যৌক্তিক বিমান ভাড়া নির্ধারণের দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
