ইভিএমে আস্থা নেই, ভোট দিয়ে বললেন ইশরাক
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) জীবনের প্রথম ভোট দিয়েও ভোটযন্ত্রটি নিয়ে অনাস্থার কথা পুনর্ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন।
শনিবার সকাল ৯টার দিকে ছোট ভাই ইশফাক হোসেনকে সঙ্গে নিয়ে গোপীবাগের শহীদ শাহজাহান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ধানের শীষের প্রার্থী।
ইশরাকের মা ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার স্ত্রী ইসমত আরা খোকা সকাল ৯টায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কেন্দ্রে ভোট দেন।
ভোট দিয়ে বেরিয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের ইশরাক বলেন, “আমি আজকে আমার জীবনের প্রথম ভোট দিলাম। এর আগে আমার ভোট দেওয়ার সুযোগ হয় নাই।”
ভোট দেওয়ার পর ইশরাক বিজয়ের ‘ভি’ চিহ্ন সাংবাদিকদের সামনে হাত উঁচু করে দেখান।
ইভিএমের ভোট নিয়ে জানতে চাইলে শীষের প্রার্থী বলেন, “আমি ইভিএমে ভোট দিতে পেরেছি। কিন্তু কীভাবে ভোট দিতে হয় তা আমাকে তিনবার কমিশনে গিয়ে বুঝে আসতে হয়েছে। তাহলে আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী, সাধারণ মানুষ যারা কোনো দিন এই মেশিন দেখে নাই তারা কীভাবে ভোটটা দেবে?
“মানুষকে তো অভ্যস্ত হতে হবে, সেটা তো তৈরি হয় নাই। জোর-জবরদস্তিমূলক ইভিএমে ভোট হচ্ছে। আমাদের অভিযোগ নির্বাচন কমিশনে জমা দিয়ে এসেছি, এখন দেখা যাক কী হয়। আজকের দিনটা তো একটা পরীক্ষা।”
বিএনপির এই প্রার্থী বলেন, ত্রুটিযুক্ত প্রোগ্রামিংয়ের মাধ্যমে ইভিএমের ভোটে প্রভাব ফেলার যে আশঙ্কা তারা করে আসছিলেন, তা থেকে এখনো তারা সরে আসেননি। কিন্তু তারা শেষটা দেখতে চান।
“আমরা যে আশঙ্কাগুলো প্রকাশ করে আসছিলাম, ইভিএমের ভেতরে ত্রুটিযুক্ত প্রোগ্রামিং করা হয়ে থাকতে পারে যাতে করে পক্ষপাতিত্বমূলক ভোটগ্রহণ হয়। সেটা আসলে পরবর্তীতে বুঝা যাবে যে কি হচ্ছে।”
কয়েকটি কেন্দ্রে তার পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে ইশরাক বলেন, “সেটার ব্যবস্থা আমরা অবশ্যই নেব। আমরা ম্যাজিস্ট্রেটকে অবহিত করেছি। আমি এখন স্বশরীরে প্রত্যেকটা কেন্দ্রে ঘুরব। যেখানে অভিযোগ আসবে ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা চলছে, সেখানে আমি যাব।
“আমি আজকে বলে দিতে চাই, কোনো কিছু আমাকে আটকাতে পারবে না, কোনো ধরনের বাধা-বিপত্তি মানব না। … আজকে যদি হামলার শিকার হতে হয়, আহত হতে হয় আহত হব কিন্তু ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে আসার জন্য যা যা করণীয় তা করব। এ ব্যাপারে কোনো ছাড় দেব না।”
