২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঞ্জলি-ভক্তিতে বীণাপাণির আরাধনা

মঙ্গলযজ্ঞ, আরতি আর পুষ্পাঞ্জলি নিবেদনে বিদ্যার দেবী সরস্বতীর পূজা করলেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিবারের মতো দেশের সবচেয়ে বড় আয়োজনটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2020, 10:24 PM

Updated : 10 Oct 2022, 06:56 PM

ঐতিহ্যগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল দেশে এ পূজার মূল কেন্দ্র বলে বিবেচিত হয়ে আসছে।

Image
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ভগবানের জ্ঞান ও বিদ্যার রূপ হলেন দেবী সরস্বতী। জগন্নাথ হলের মাঠে তারই আরাধনায় শিক্ষার্থীরা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ভগবানের জ্ঞান ও বিদ্যার রূপ হলেন দেবী সরস্বতী। জগন্নাথ হলের মাঠে তারই আরাধনায় শিক্ষার্থীরা।

এবারও হলের খেলার মাঠে চারিদিক দিয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রায় ৭০টি মণ্ডপে পূজার আয়োজন করেছে। এসব মণ্ডপের অধিকাংশই বিভিন্ন বিভাগের 'থিমের' আদলে গড়া। আগের রাতেই বিভিন্ন বিভাগের এসব প্রতিমা মণ্ডপে স্থাপন করা হয়।

অন্য বছরের মত এবারও জগন্নাথ হলের পুকুরের মাঝে দৃষ্টিনন্দন প্রতিমা তৈরি করেছে চারুকলা অনুষদ। এবারের প্রতিমা ছিল বাঁশের তৈরি।

Image
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ভগবানের জ্ঞান ও বিদ্যার রূপ হলেন দেবী সরস্বতী। জগন্নাথ হলের মাঠে তারই আরাধনায় শিক্ষার্থীরা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ভগবানের জ্ঞান ও বিদ্যার রূপ হলেন দেবী সরস্বতী। জগন্নাথ হলের মাঠে তারই আরাধনায় শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরস্বতী পূজা উপলক্ষে জগন্নাথ হলের শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে পূজার আয়োজন করছেন।

“বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থীরা হলের খেলার মাঠে বিভাগ ও অনুষদভিত্তিক ৭০টি পূজা মণ্ডপ তৈরি করেছে। যা গত বছর ছিল ৬৭টি। আর চারুকলা অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে হলের পুকুরের মাঝে শোভা পেয়েছে দেবী সরস্বতীর প্রতিমা।"

বৃহস্পতিবার সকাল ৯টায় কেন্দ্রীয়ভাবে হল প্রশাসনের আয়োজনে নিমিত মণ্ডপে পূজা শুরু হয়। সকাল ১০টা থেকে শুরু হয় অঞ্জলি দেওয়া। 

Image
সরস্বতী পূজা উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠের মণ্ডপ। ছবি: মাহমুদ জামান অভি

সরস্বতী পূজা উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠের মণ্ডপ। ছবি: মাহমুদ জামান অভি

সরস্বতী পূজার মূলপর্ব হলো ‘বাণী অর্চনা’। শিক্ষার্থী ছাড়াও সব বয়সের মানুষ এতে অংশ নেন।

পূজা ঘিরে সারাদিন চলে বর্তমান ও সাবেকদের মিলনমেলা। বেলা গড়ার সাথে দর্শনার্থীদের ভিড়ও বাড়তে থাকে। সন্ধ্যায় শুরু হয় আরতি উৎসব।     

হলের এই আয়োজন দেখতে সকাল সাড়ে ১১টার দিকে বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখতে আসেন ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস ।

Image
সরস্বতী পূজায় পুরোহিত মন্ত্র পড়িয়ে শিশুদের হাতে তুলে দেন লেখার সামগ্রী। চক খড়ি দিয়ে লিখে শুরু হয় লেখাপড়া, এরই নাম হাতেখড়ি।

সরস্বতী পূজায় পুরোহিত মন্ত্র পড়িয়ে শিশুদের হাতে তুলে দেন লেখার সামগ্রী। চক খড়ি দিয়ে লিখে শুরু হয় লেখাপড়া, এরই নাম হাতেখড়ি।

এইসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানও দেবীর দর্শনে আসেন।

সনাতন ধর্মাবলম্বীরা বিদ্যা ও জ্ঞান লাভের জন্য মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে এই পূজা পালন করেন।

দেবীর একহাতে পুস্তক, আর অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপাণিও বলা হয়। তার বাহন সাদা রাজহাঁস।

Image
সরস্বতী পূজায় বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের তৈরি করা পূজা মণ্ডপ। ছবি: মাহমুদ জামান অভি

সরস্বতী পূজায় বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের তৈরি করা পূজা মণ্ডপ। ছবি: মাহমুদ জামান অভি

সরস্বতী বিদ্যার দেবী বলে ঐতিহ্যগতভাবে এদিন সব শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকে।

পূজা উপলক্ষে শুক্রবার বিকেল ৩টায় হল মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।