নৌকার পক্ষে ‘গণজোয়ার’ দেখছেন আতিক দম্পতি
নির্বাচনে জয়ী হবেন বলে শতভাগ আশাবাদী ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
নির্বাচনী প্রচারের শেষ দিন বৃহস্পতিবার আতিক বলেছেন, “আমি যেখানেই গিয়েছি সেখানেই মানুষের স্রোত দেখেছি। পথসভা আর পথসভা থাকে না, সেটা রূপ নেয় জনসভায়। যেখানে জনসভা করি সেটি রূপ নেয় জনসমুদ্রে। মানুষের জোয়ার নেমেছে।”
স্বামীর পক্ষে কয়েক দিন গণসংযোগ চালিয়ে আসা আতিকপত্নী ডা. শায়লা শাগুফতা ইসলামও বলেছেন, যেখানেই গেছেন সেখানেই নৌকার পক্ষে ভোটারদের স্বতঃস্পূর্ত সমর্থন দেখেছেন তিনি।
আগামী শনিবার ভোট সামনে রেখে প্রচারণার শেষ দিনে মিরপুরের ভাসানটেক এলাকায় ভোট চাইতে যান আতিকুল ইসলাম।
এক প্রশ্নে আতিক বলেন, “অবশ্যই, অবশ্যই শতভাগ আশাবাদী। আমি বিজয়ী হব ইনশাআল্লাহ।”
নির্বাচনী প্রচারে আবাল-বৃদ্ধ থেকে শুরু করে যুবক-যুবতী, শিক্ষার্থী, পেশাজীবী, চিত্রজগতের মানুষ সবাই তার পক্ষে রাস্তায় নেমেছেন বলে জানান ব্যবসায়ী আতিক।
“আমি তাই মনে করি, আগামী পহেলা ফেব্রুয়ারি জনগণের ভালোবাসায় নৌকা জিতবেই জিতবে, ইনশাআল্লাহ। দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য, সুস্থ, সচল, সুন্দর ঢাকা গড়তে আপনাদের মূল্যবান ভোটটি নৌকা মার্কায় দেবেন।”
ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে আতিক বলেন, যত বেশি ভোটার আসবেন নৌকায় তত বেশি ভোট পড়বে।
নৌকার পক্ষে গণজোয়ার দেখে প্রতিপক্ষ নির্বাচন নিয়ে নানা টালবাহানা করছে বলে অভিযোগ করেন তিনি।
তবে সেগুলো নিয়ে ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে নৌকার প্রার্থী বলেন, “নির্বাচন হবেই হবে। কোনো অপশক্তি এই গণজোয়ার থামিয়ে রাখতে পারবে না। শুনেছি বাইরে থেকে প্রচুর লোক এনে কেন্দ্রে কেন্দ্রে ঢোকানোর পাঁয়তারা চলছে। বিভিন্ন জেলা থেকে লোক এনে তারা সন্ত্রাস করতে চায়। তারা ভোটের পরিবেশ নষ্ট করতে চাচ্ছে।”
নির্বাচনের আগের দুই দিন নেতাকর্মীদের ধৈর্য ধরে অপেক্ষার অনুরোধ করেন আতিকুল ইসলাম।
বেলা সাড়ে ১২টার দিকে ভাসানটেক বাজার এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেন আতিকুল ইসলাম। তিনি ভোটারদের কাছে গিয়ে ভোট চান, নৌকা মার্কার লিফলেট বিতরণ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, অভিনেত্রী তানভীন সুইটি, বাঁধন প্রমুখ।
ভাসানটেক ও আশপাশের এলাকায় গণসংযোগ শেষে বিকেলে নতুন বাজার এলাকায় যান মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। সেখানে নির্বাচনী প্রচার মিছিলে অংশ নেন তিনি। এ সময় আশপাশের ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীরাও মিছিল নিয়ে আসেন।
মেয়র থাকার সময় নতুন ওয়ার্ডগুলোর জন্য নেওয়া বিভিন্ন উন্নয়ন কাজের ফিরিস্তি তুলে ধরে আবার নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান আতিকুল ইসলাম।
এদিকে কয়েক দিন ধরে স্বামীর পক্ষে ভোট চেয়ে গণসংযোগ চালিয়ে আসা আতিকুল ইসলামের স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম শেষ দিনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যান।
প্রচারণার এক পর্যায়ে জাপান গার্ডেন সিটি এলাকায় শায়লা সাগুফতা বলেন, নির্বাচনী প্রচারণায় সবখানেই নৌকার পক্ষে জনগণের ‘স্বতঃস্ফূর্ত সমর্থন’ দেখতে পাচ্ছেন তিনি।
“জনগণ বিশ্বাস করে, তিনি (আতিকুল ইসলাম) নির্বাচিত হলে নগরবাসীর জন্য কাজ করে ঢাকা শহরে পরিবর্তন আনতে পারবেন।”
উপ-নির্বাচনে মেয়র হওয়ার পর নয়মাসে আতিক যেসব কাজ করেছেন, তার ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশ্বস্ত করেন তার স্ত্রী।
“এই নগরীর উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন। আমরা তার পরিবারের সদস্য। কিন্তু তিনি এই নগরীর সব নাগরিককে পরিবারের সদস্য মনে করেই কাজ করে গেছেন,” বলেন শায়লা সাগুফতা ইসলাম।
