সংসদ সদস্যদের মুখোমুখি শিশুরা
দেশের সব নির্বাচনী এলাকা থেকে বাছাই করা ৩০০ শিশু দুজন সংসদ সদস্যের মুখোমুখি হয়ে তাদের দাবি, উদ্বেগ ও প্রত্যাশার কথা তুলে ধরেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে ‘প্রজন্ম সংসদে’র প্রথম জাতীয় অধিবেশনে নির্বাচিত সংসদ সদস্যদের মুখোমুখি হয় এই শিশুরা।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের প্রধান উপদেষ্টা ফজলে রাব্বী মিয়া এবং শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি শামসুল হক টুকু, ইউরোপীয় ইউনিয়নের হেড অব কো-অপরেশন মাউরেজিও চান এবং ইউনিসেফের বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি ভীরা মেনডনকা এই আয়োজনে অংশগ্রহণ করেন।
ইউনিসেফ ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের একটি যৌথ উদ্যোগ প্রজন্ম সংসদ। এটি তরুণ জনগোষ্ঠীকে এমন সব নীতিমালা নিয়ে আলোচনায় সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেয়, যা তাদের বর্তমান ও ভবিষ্যৎ কল্যাণের ওপর প্রত্যক্ষ প্রভাব ফেলে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ১৩ থেকে ১৭ বছর বয়সী প্রায় ছয় লাখ কিশোর-কিশোরী এই উদ্যোগে শামিল হয়েছে, যেখানে সংসদীয় নির্বাচনী এলাকার সঙ্গে সামঞ্জস্য রেখে ৩০০টি গ্রুপ গঠন করা হয়।
তারা নিজেদের মধ্যে গ্রুপওয়ার্ক করার সময় ১৫টি বিষয় নিয়ে আলোচনা করে। এই বিষয়গুলোর মধ্যে রয়েছে শিশু বিয়ে, শিশুশ্রম, স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, জলবায়ু পরিবর্তন, শিশুদের বিরুদ্ধে সহিংসতা, সড়ক নিরাপত্তা, শিশুদের মানসিক সুস্থতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যুব ও কর্মসংস্থান, শিশুর শারীরিক প্রতিবন্ধকতা, তথ্য প্রাপ্তি এবং সরকারের মাধ্যমে শিশুদের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো। পরে একটি ছায়া সংসদ অধিবেশনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সামনে তাদের সুপারিশগুলো তুলে ধরা হয়।
ভীরা মেনডনকা বলেন, “আমরা এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করি। কারণ এটি জাতীয় সংসদ সদস্যদের জন্য তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার শিশু এবং তরুণদের মতামত, আগ্রহ ও উদ্বেগ সরাসরি শুনতে একটি কাঠামোবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। দেশের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশের প্রতিনিধিত্বকারী শিশুদের জন্য এটি একটি অনন্য সুযোগ।”
