পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় এফডিসির সামনে বিক্ষোভ
পুলিশ হেফাজতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) কর্মী আবু বক্কর সিদ্দিক বাবুর মৃত্যুর ঘটনায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তার সহকর্মীরা।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এফডিসির সামনে সড়ক আটকে এই বিক্ষোভ শুরু হয়।
তাদের অবরোধের কারণে কারওয়ান বাজার থেকে সাত রাস্তা, হাতিরঝিল ও মগবাজারে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে সৃষ্টি হয় যানজট।
পরে তথ্য মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে বাবুর সহকর্মীরা অবরোধ তুলে নিলে বেলা সাড়ে ১২টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়া এবং ছবি তুলে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক নারী মামলা করার পর গত শনিবার এফডিসির ফ্লোর ইনচার্জ বাবুকে গ্রেপ্তার করে পুলিশ। ৪৫ বছর বয়সী বাবু সেই রাতেই থানা হাজতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের ভাষ্য।
তবে বাবুর স্ত্রী স্ত্রী আলেয়া বেগমের সন্দেহ, বাবুকে থানায় ‘নির্যাতন চালিয়ে হত্যা’ করা হয়েছে। একই ধরনের সন্দেহের কথা বলেছেন বাবুর সহকর্মীরাও।
বাবু মৃত্যুর ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসাবে বর্ণনা করে দায়ীদের শাস্তির দাবি জানানো হয় এফডিসির সামনের অবরোধ থেকে।
সন্ধ্যার পর এ বিষয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে এফডিসি কর্মকর্তা-কর্মচারীদের বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান সাইফ।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশমার বিপ্লব বিজয় তালুকদার জানান, অভিযোগ খতিয়ে দেখতে রোববারই পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন অতিরিক্ত উপ কমিশনারকে প্রধান করে গঠিত ওই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
