২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবু ধাবি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘আবুধাবি সাসটেইনেবিলিটি উইক’, ‘জায়েদ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড সেরিমনি’সহ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2020, 11:12 PM

Updated : 08 Apr 2022, 12:12 AM

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় রোববার রাত ৮টা ৫৫ মিনিটে আমিরাতের রাজধানী আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বিকেল ৫টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

আবু ধাবি বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে আবু ধাবির শাংরি-লা হোটেলে নেওয়া হয়। আরব আমিরাত সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।

শেখ হাসিনা সোমবার আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের (এডিএনইসি) আইসিসি হলে বেলা ১১টায় ‘আবুধাবি সাসটেইনেবিলিটি উইক’ এবং ১২টায় ‘জায়েদ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ডস সেরিমনি’তে উপস্থিত থাকবেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী তার হোটেলে পশ্চিম এশিয়ার দেশগুলোতে নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেবেন।

পরদিন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহম্মদ বিন রশিদ আল মাকতুম, আবু ধাবির যুবরাজ শেখ মোহম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্টের স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিকেল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রী আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের একটি হলে ‘দ্য ক্রিটিক্যাল রোল অব উইমেন ইন ডেলিভারিং ক্লাইমেট অ্যাকশন’-এর উপর সাক্ষাৎকার অধিবেশনে যোগ দেবেন।

তিন দিনের আমিরাত সফর শেষে মঙ্গলবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।