২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিফেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় সহযোগিতা চায় নেপাল

ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় বাংলাদেশের সহযোগিতা চায় নেপাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2020, 06:48 PM

Updated : 10 Oct 2022, 06:53 PM

সফররত নেপালের সেনাপ্রধান জেনারেল পূর্ণ চন্দ্র থাপা রোববার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতে গিয়ে এ বিষয়ে সহায়তা চান।

সাক্ষাতের পর রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও নেপালের প্রতিরক্ষা বাহিনীর সম্পর্ক বেশ চমৎকার। দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সফর বিনিময় উভয় দেশের জন্যই ইতিবাচক ভূমিকা রাখতে পারে।”

প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি বলেছেন, বাংলাদেশে প্রতিবছরই ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) বিভিন্ন কোর্সে নেপালের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশ নিচ্ছে। এর মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। দুই দেশে প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞা বিনিময়ের মাধ্যমে উপকৃত হচ্ছে।

সাক্ষাতের সময় নেপালী সেনাপ্রধান থাপা বলেন, সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধানের নেপাল সফর দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সম্পর্কে আরও জোরদার করেছে।

জেনারেল থাপা বলেন, বাংলাদেশে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নেপালের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের দক্ষতা ও কর্মকুশলতা বাড়ানোর সুযোগ পাচ্ছে এবং এর মাধ্যমে নেপালের প্রতিরক্ষা বাহিনী উপকৃত হচ্ছে।

দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সফর বিনিময়ের ফলে উভয় দেশই উপকৃত হচ্ছে।  

নেপাল ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে যাচ্ছে জানিয়ে তিনি এজন্য বাংলাদেশের সার্বিক সহযোগিতা কামনা করেন।   

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত বংশীধর মিশ্র, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার বিদায়ী হাই কমিশনার জুলিয়া নেবলেট রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক অত্যন্ত ভালো এবং এটি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তিনি আশা করেন সামনের দিনগুলোতে এই সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।

রাষ্ট্রপতি এসময় অস্ট্রেলিয়ায় দাবানলের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন।

সফলভাবে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি বিদায়ী দূতকে অভিনন্দন জানান।

বিদায়ী হাই কমিশনার বলেন, সম্প্রতি বাংলাদেশের এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ফলে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই সফর বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখছে।

তিনি বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার প্রশংসা করেন।

জুলিয়া নেবলেট তার সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।