গাড়ি কম, ভোগান্তিতে ইজতেমাফেরত মানুষ
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের পর টঙ্গীর তুরাগ তীর থেকে ঘরে ফেরার পথে গণপরিবহন সঙ্কটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।
রোববার বেলা পৌনে ১২টার দিকে প্রথম পর্বের ইজতেমার আখেরি মোনাজাতের পরপরই আশপাশের সড়কে মানুষের ঢল শুরু হয়।
ঢাকার বাইরে থেকে বেশিরভাগ লোকজনই বাস ভাড়া করে আসায় তাদের খুব একটা বিপাকে পড়তে হয়নি। কিন্তু রাজধানী ও আশপাশের এলাকা থেকে যারা ইজতেমায় এসেছিলেন, গণপরিবহনের দুর্ভোগ মূলত তাদেরই পোহাতে হয়। বাস না পেয়ে অনেকেই ট্রাক-পিকআপেও সওয়ার হন।
তবে যান যেমনই হোক, সঙ্কটের সুযোগে ভাড়া যাত্রীদের কাছ থেকে কয়েকগুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
মোনাজাতের পর আশপাশের এলাকা ঘুরে উত্তরার আজমপুর থেকে মতিঝিল, সায়েদাবাদ, গুলিস্তান, সদরঘাট, আজিমপুর, নিউ মার্কেট ও গাবতলীর পথে বিভিন্ন বাসে ১০০ টাকা করে ভাড়া নিতে দেখা গেছে। বিআরটিসির একটি বাসেও সায়েদাবাদ পর্যন্ত দূরত্বে একই ভাড়া দবি করছিলেন বাসের সহকারী।
ভাড়া এত বেশি কেন জানতে চাইলে বিআরটিসির ওই বাসের চালক হাকিম জানান, তাদের দৈনিক জমা বাড়িয়ে দেওয়া হয়েছে।
“ইজতেমার লাইগা জমা দুই হাজার টাকা বাড়াইছে। আগে আছিল সাত হাজার, আইজকা নয় হাজার টাকা।”
আজমপুর থেকে বনানী যাবেন ইশতিয়াক আহমেদ। কিন্তু এই দূরত্বেও বাসে ৫০ টাকা ভাড়া চাওয়ার অভিযোগ করেন।
“এইটুকু দূরত্বে ১৫ টাকা ভাড়া, বিশ টাকা নিতে পারে। তাই বলে ৫০ টাকা চাইবে? দেশটা আসলে মগের মুল্লুক হয়ে গেছে।”
রাইদা পরিবহনের বাসে সায়েদাবাদ ও জুরাইন পর্যন্ত ১০০ টাকা ভাড়া চাওয়া হচ্ছে।
এই পরিবহনের বাসচালক আলী হোসেন জানান, রোববার দুপুরে ট্রিপ ধরতে সকালেই এসে লাইনে দাঁড়িয়েছেন তারা। এখানেও ‘কিছু খরচ করতে হয়েছে’ বলেও জানান তিনি।
“ভাই সারাদিন ধইরা এই একটা ট্রিপের লাইগা বইসা আছি। ১০০ (টাকা) কইরা না গেলে পোষাইব না,” বলেন এই চালক।
আখেরি মোনাজাতের পর রাস্তায় ইজতেমাফেরত মানুষের ঢল
তিনি বলেন, “যেই বাসেই উঠতে যাই, পারি না। আর ভাড়া চায় ১০০ টাকা। দেহি হাইটা কদ্দুর যাওন যায়।”
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আসা আমজাদ হোসেন তিন বন্ধুর সঙ্গে হেঁটে রওনা হয়েছিলেন। আমজাদ জানালেন, গাড়ি না পেয়ে হেঁটে কুড়িল বিশ্বরোড পর্যন্ত গিয়ে বাস ধরার চেষ্টা করবেন তারা।
তবে এবার ইজতেমায় বিমানবন্দর সড়কে যানজট অন্য বছরের তুলনায় কম দেখা গেছে। আব্দুল্লাহপুর থেকে আসতে বিমানবন্দর পর্যন্ত কিছুটা যানজট থাকলেও এরপর আর কোথাও গাড়ির জটলা দেখা যায়নি।
তবে বিমান বন্দর সড়কে যেতে কাওলা, বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত যানজট। এ সড়কের কাজলা, বিমানবন্দর, জসিম উদ্দিন, রাজলক্ষ্মী ও হাউস বিল্ডিং ইউলুপ পর্যন্ত সড়কে যানবাহন রাখা। এসব জায়গায় যানবাহন ঘুরিয়ে যাত্রী ওঠানোয় কিছুটা যানজট দেখা গেছে।
