২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাত যাবেন বলে ভারতে যাচ্ছেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে আমিরাতে যাওয়াটা নির্ধারিত বলে ওই সময়ে ভারতে একটি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের যোগ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2020, 07:30 PM

Updated : 18 Aug 2022, 02:18 PM

অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে ‘রাইসিনা সংলাপে’ অংশ নিতে নয়া দিল্লি সফর প্রতিমন্ত্রী বাতিল করেছেন বলে গণমাধ্যমে খবর আসার প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করে।

এতে বলা হয়, একই সময়ে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে প্রতিমন্ত্রীর আমিরাতে যাওয়ার বিষয়টি পূর্ব নির্ধারিত। ফলে রাইসিনা সংলাপের আমন্ত্রণ পেলেও তার যোগ দেওয়া হচ্ছে না।

তাছাড়া এই রাইসিনা সংলাপটি দ্বিপক্ষীয় কোনো অনুষ্ঠান নয় এবং ওই অনুষ্ঠানে যোগ না দেওয়ার বিষয়ে আর কোনো বিষয় যুক্ত নয়, বলা হয় বিজ্ঞপ্তিতে।

ভারতের নাগরিকত্ব আইন সংশোধন নিয়ে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও দিল্লি সফর বাতিল করেন।

এ নিয়ে গুঞ্জনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘ব্যস্ত কর্মসূচির’ কারণে এখন ভারত যেতে পারছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পরে ‘উপযুক্ত’ সময়ে তিনি ভারত সফরে যাবেন।