২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মচারীদের মেধাবী সন্তানদের সংবর্ধনা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়

মন্ত্রণালয় এবং অধীনস্থ সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2020, 11:22 PM

Updated : 18 Aug 2022, 02:17 PM

পাবলিক পরীক্ষায় ভাল ফলাফলের জন্য সন্তানদের সংবর্ধনা দিতে ‘জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংযুক্ত দপ্তর সংস্থায় কর্মরত কর্মচারীদের মেধাবী সন্তানদের সংবর্ধনা প্রদান কর্মসূচি বিষয়ক নীতিমালা’র খসড়া প্রণয়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

খসড়ায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের উৎসাহমূলক কর্মজীবন পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে প্রণোদনা দেওয়া সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

“সেই পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংযুক্ত দপ্তর সংস্থায় কর্মরত কর্মচারীদের মেধাবী সন্তানদের বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সংর্বধনা দিতে একটি সমন্বিত নীতিমালার প্রযোজন রয়েছে। এজন্য নীতিমালাটি করা হচ্ছে।”

জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) সাভার, বিয়াম ফাউন্ডেশন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয়, বিসিএস (প্রশাসন) একাডেমি, সরকারি যানবাহন অধিদপ্তর, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, সরকারি কর্মচারী হাসপাতালে কর্মরত কর্মচারীদের মেধাবী সন্তানদের সংবর্ধনা দেওয়া হবে।

নীতিমালার খসড়ায় বলা হয়েছে, নির্ধারিত ফরমে যথাযথ কর্তৃপক্ষ ও পদ্ধতির মাধ্যমে জনপ্রশাসন সচিবের কাছে আবেদন করতে হবে। একজন আবেদনকারী সর্বোচ্চ দুই সন্তানের জন্য একই ফরমে আবেদন করতে পারবেন।

“আবেদনকারী কর্মচারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত বা চাকরি করেন বলে প্রত্যয়ন বা দাপ্তরিক পরিচয়পত্রের অনুলিপি দাখিল করতে হবে। সংবর্ধনা দেওয়ার জন্য আবেদন চাওয়া বছরের আগের বছরে পাবলিক পরীক্ষায় উত্তীর্ণরা আবেদনের জন্য বিবেচিত হবেন। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সত্যায়িত মূল নম্বরপত্রের অনুলিপি দাখিল করতে হবে।”

প্রাথমিক সমাপনী (পিইসি) ও সমমান, জেএসসি ও সমমান, এসএসসি ও সমমান, এইচএসসি ও সমমান পরীক্ষায় ৮০ শতাংশ (এ+ গ্রেড) নম্বরপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনার জন্য তাদের বাবা বা মা আবেদন করতে পারবেন।

প্রাপ্ত আবেদন যাচাই-বাছাইয়ের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (প্রশাসন) নেতৃত্বে আট সদস্যের একটি কমিটি থাকবে।

বাছাই কমিটি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমোদিত কর্মচারীর (১০ম-২০তম গ্রেডে বেতনভুক্ত কর্মচারী) পরিবারের সন্তান বা পোষ্যদের বিভিন্ন পাবলিক পরিক্ষার ফলাফলের ভিত্তিতে সংবর্ধনা দিতে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রণয়ন করবে।

বাছাই কমিটির যাচাই-বাছাই শেষে প্রণয়নকৃত তালিকা থেকে প্রতিটি ক্যাটাগরিতে সর্বোচ্চ ২০ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দিতে জনপ্রশাসন সচিবের অনুমোদন নিয়ে চূড়ান্ত করা হবে বলে নীতিমালায় খসড়ায় বলা হয়েছে।